প্রযুক্তি আর্থিক সেবার সম্প্রসারণ ঘটাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও মোবাইল ব্যাংকিংয়ের কল্যাণে গরিব মানুষ বিশেষত নারী ও বঞ্চিত অন্যান্য জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা সম্প্রসারণ সহজ করে দিয়েছে। স্বল্প আয়ের দেশগুলো এ থেকে বেশি উপকৃত হচ্ছে।
তার পরও বিশ্বের ২৫০ কোটির বেশি মানুষের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো আনুষ্ঠানিক হিসাব (অ্যাকাউন্ট) নেই। আর তাই ২০২০ সালের মধ্যে এদের উল্লেখযোগ্য অংশকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসার ওপর জোর দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রিপোর্ট: ২০১৪’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গত সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে যে মোবাইলে অর্থ পরিশোধ, মোবাইল ব্যাংকিং, আঙুলের ছাপ ও চোখের মণি স্ক্যান করে ঋণগ্রহীতা চিহ্নিতকরণসহ বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন স্বল্প আয়ের দেশগুলোর জনগণকে আর্থিক সেবা পেতে অনেক সহজ করে দিয়েছে।
বিশ্বব্যাংক বলছে, এসব উদ্ভাবন পল্লি ও প্রত্যন্ত এলাকায় এবং স্বল্প বসতিপূর্ণ এলাকায় যেখানে কোনো ব্যাংকের শাখা নেই, সেখানকার অধিবাসীদের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখছে।
এ রকম পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে আর্থিক সেবা প্রাপ্তি সহজ করতে ও এর পথের বাধাগুলো তুলে নিতে আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে সৃজনশীল ও পরিকল্পিত প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করার সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাজারের সমস্যা দূর করা ও ভোক্তার চাহিদা মেটানো সম্ভব।
বিশ্বব্যাংক বলেছে, জনগণকে আর্থিক সেবা সম্পর্কে অবহিত করতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জ্ঞান নয়, বরং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হলে তা অধিক ফলপ্রসূ হবে। যেমন কেউ যখন ব্যবসা শুরু করতে চান, তখন তাঁকে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দেওয়া যেতে পারে।