প্রযুক্তি ও ব্যাংক ব্যবসাকে আলাদা করার মানসিকতা বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) কারণে ২০০০ সালের পরবর্তী দেড় দশকে দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। এর ফলে অনেক বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব হয়েছে, একই সঙ্গে বেড়েছে কর্মদক্ষতা ও মুনাফাও। তারপরও আইসিটিকে ব্যাংক খাতের মূল ব্যবসা থেকে আলাদা করে দেখার একটি মানসিকতা রয়ে গেছে। ব্যাংক ও আর্থিক খাতের নীতিনির্ধারকদের এ মানসিকতা থেকে বের হয়ে আইসিটিতে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ব্যাংকের ব্যবসা ও মুনাফা বৃদ্ধিতে আইসিটির প্রভাব’ শীর্ষক এক সেমিনারে গতকাল রোববার এ আহ্বান জানানো হয়। বিআইবিএম মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম।
মূল প্রবন্ধে বলা হয়, ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশের ব্যাংকিং খাতে আইসিটির ব্যবহার শুরু হয়। তবে ২০০০ সালের পরবর্তী সময়ে আইসিটির ব্যবহার বাড়তে শুরু করে। সেই অবস্থা থেকে আইসিটি এখন ব্যাংক খাতের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এ বিষয়ে উদাহরণ হিসেবে বলা হয়, দুর্নীতি, অব্যবস্থাপনা ও খেলাপি ঋণের কারণে ব্যাংকের যে ক্ষতি হয় সেটা কোনো না কোনোভাবে কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু একটি ব্যাংকের অনলাইনভিত্তিক কেন্দ্রীয় তথ্যভান্ডার যদি ভেঙে পড়ে, তাহলে সেই ব্যাংকের পক্ষে বর্তমানে এক দিনও টিকে থাকা সম্ভব নয়।
প্রবন্ধ উপস্থাপনার পর আলোচনায় অংশ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, ২০০০ সালেও আইসিটিতে ব্যাংকের বিনিয়োগ বলতে বোঝাতো সফটওয়্যার ও কিছু কম্পিউটার কেনা। সে অবস্থা থেকে আইসিটির কারণে ব্যাংক খাতে নতুন অনেক সেবা এসেছে, কর্মদক্ষতা বেড়েছে।
প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় পরিবর্তন আনার পরামর্শ দিয়ে আবুল কাশেম শিরিন বলেন, সারা দেশে এখন ব্যাংকের এটিএম সংখ্যা আগের মতো বাড়ছে না। কারণ, নিজস্ব এটিএম পরিচালনার চেয়ে অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে খরচ কম। এমন নীতিমালার কারণে যেসব ব্যাংক এটিএমে বিনিয়োগ করছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্যাংক হিসাব পরিচালনায় সেবা মাশুল নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বৈষম্যের বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পোশাক খাতের শ্রমিকদের হাজার হাজার কর্মীর বেতন ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে দেওয়া হচ্ছে। কিন্তু এসব হিসাব থেকে কোনো সেবা মাশুল ব্যাংক পাচ্ছে না, কারণ শ্রমিকেরা তাঁদের পুরো অর্থই তুলে নিচ্ছেন। কিন্তু অনেক ব্যাংকে ন্যূনতম ৫০ হাজার টাকা না রাখলে হিসাবই খোলা যায় না। এসব বৈষম্য দূর না হলে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জন হবে না।
সেমিনারে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, ব্যাংকের আইটি বিভাগের কাজকে অনেক সময় আলাদা করে দেখা হয়। আবার আইটিতে কাজ করা লোকদের মানসিকতার কিছু সমস্যাও রয়েছে। আইটি খাতের লোকদের ব্যাংকের মূল ব্যবসা বোঝারও প্রয়োজন আছে, কারণ প্রযুক্তি ব্যবহার করে রিটেইল ব্যাংকিংয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। তৃণমূল পর্যায়ে ব্যাংকের সেবা নিয়ে যেতে হলে প্রযুক্তির কোনো বিকল্প নেই।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বলেন, ব্যাংক খাতে প্রযুক্তিতে বিনিয়োগের বিষয়টি অনেক সময় নীতিনির্ধারকদের কাছে ততটা গুরুত্ব পায় না। এ ধরনের গবেষণা সে মানসিকতা পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।