প্রযুক্তি ব্যবহার করে উদ্যোক্তা গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বর্তমান সরকার প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাহসী ও উদ্যমী শিল্পোদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সুষম শিল্পায়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিল্পোদ্যোক্তার প্রয়োজন রয়েছে। এ জন্য আধুনিক, বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল যুবসমাজ থেকে এ ধরনের উদ্যোক্তা সৃষ্টি হবে। গতকাল সোমবার জাতীয় উৎপাদনশীলতা সংস্থা (এনপিও) আয়োজিত ‘বস্ত্র শিল্প খাতে উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের এনেক্স ভবন সম্মেলনকক্ষে এ সেমিনারে এনপিও পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া বলেন, বস্ত্র খাত বাংলাদেশের একটি সমৃদ্ধ শিল্প খাত। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এ খাতের ঈর্ষণীয় প্রসার ঘটেছে। বাংলাদেশের তৈরি গার্মেন্টস পণ্য, হোমটেক্সটাইল, ডেকোরেশন, হস্তশিল্প পণ্য ও বস্ত্র দিয়ে তৈরি শিশুদের রকমারি ও আকর্ষণীয় পণ্য বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপকহারে সমাদৃত। এ খাতে নারীশ্রমিকসহ বিপুলসংখ্যক দক্ষ ও আধাদক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।শিল্পমন্ত্রী আরও বলেন, বস্ত্রশিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম খাত। এর মাধ্যমে বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি আয় হচ্ছে। এ খাতে প্রশিক্ষিত অনেক জনবল বিদেশে চাকরি করে প্রচুর পরিমাণে রেমিট্যান্স বাংলাদেশে পাঠাচ্ছে। তিনি বস্ত্র খাতের আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে গৌরবময় এ শিল্পের ভিত্তি আরও শক্তিশালী করার পরামর্শ দেন। তিনি বস্ত্র খাতে আধুনিক উৎপাদনশীলতা কৌশল প্রয়োগ করা গেলে সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি পণ্য উৎপাদন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে বস্ত্র শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিটিএমসি, বিটিএমএ, বিকেএমইএ, বাংলা ক্রাফ্ট, বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড, বাংলাদেশ স্পেশালাইজড্ টেক্সটাইল সেক্টরের অর্ধশতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।