প্রযুক্তি হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্প-কারখানার মধ্যে সংযোগ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশব্যাপী সুষম শিল্পায়নের জন্য জাতীয় শিল্পনীতিতে লাগসই প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পকারখানাগুলোর মধ্যে কার্যকর সংযোগ থাকা জরুরি। বর্তমান সরকার পরিবেশবান্ধব ও শতভাগ দূষণমুক্ত সবুজ শিল্পায়নের প্রতি উদ্যোক্তাদের উৎসাহিত করছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে আয়োজিত ‘উৎপাদন প্রক্রিয়ায় নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক দিকসমূহ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বুয়েটের কেমিপ্রকৌশল বিভাগ এবং বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোরাম যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।বুয়েটের কেমিপ্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক দিল আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের মেরি কে ওকনর প্রসেস সেফটি সেন্টারের পরিচালক এম সাম মান্নান। বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোরামের চেয়ারম্যান জসীম উজ্জামান এতে স্বাগত বক্তব্য দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ উৎপাদন পরিবেশ বজায় রাখা ছাড়া শিল্পকারখানাকে বাণিজ্যিকভাবে লাভজনক করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে, বিদেশি ক্রেতারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যকর উৎপাদন পরিবেশের নিশ্চয়তা চান।