স্টার্টআপ ঢাকার উদ্যোগে রাজধানীর র্যাডিসন হোটেলে ২২ নভেম্বর ‘ইনোভেশন এক্সট্রিম-২০১৪’ (আইএক্স) শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রযুক্তিভিত্তিক এই ব্যবসায়িক আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশে উদ্ভাবন’। আয়োজকেরা গত শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এতে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশনের প্রধান সৈয়দ তালাট কামাল; স্টার্টআপ ঢাকার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুস্তাফিজুর খান, সহপ্রতিষ্ঠাতা ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফায়াজ তাহের এবং এডওয়ার্ড এম কেনেডি সেন্টারের পরিচালক এম কে আরেফ। সংবাদ সম্মেলনে আইএক্স সম্মেলনের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশনের নিয়মকানুন www.innovationxtreme.co এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
আয়োজকেরা জানান, সম্মেলনে উদ্যোক্তা-বিনিয়োগকারী, ডেভেলপার, শিক্ষাবিদ-শিক্ষার্থী, বেসরকারি সংস্থা (এনজিও), আন্তর্জাতিক সংগঠন, স্থানীয় ও বিদেশি গণমাধ্যম এবং করপোরেট খাতের প্রতিনিধিদের সম্মিলন ঘটবে বলে তাঁরা আশা করছেন।
বিজ্ঞপ্তি