প্রশিক্ষণমূলক আর্থিক প্রতিষ্ঠান ফিনেক্সেলের আনুষ্ঠানিক উদ্বোধন
দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, দক্ষতা তৈরি এবং তাদের কর্মীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্য নিয়ে ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড (ফিনেক্সেল) নামে একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ। ফিনেক্সেলের চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির এ চৌধুরী, ডেটা এজ লিমিটেডের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজিদ এবং লঙ্কা-বাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মো. এ মইন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফিনেক্সেল এ পর্যন্ত করপোরেট ঋণ বিশ্লেষণসহ গ্রাহকসেবা ও তথ্যপ্রযুক্তি (আইটি) সেবা, নিরাপত্তা ও নিরীক্ষাসেবা, বাণিজ্য ঝুঁকি ব্যবস্থাপনা এবং জটিল বাণিজ্যিক বিষয়াদি ও ব্যাংকে প্রতারণার ঘটনা মোকাবিলার ওপর মোট ১৬টি কর্মশালা পরিচালনা করেছে। এতে বিভিন্ন ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেন।