তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বর্তমানের চেয়ে কত বাড়ানো হবে, সে বিষয়ে কোনো প্রস্তাব না দিয়ে আরও দুই সপ্তাহ সময় চেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
রাজধানীর তোপখানা রোডের নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল সোমবার বেলা ১১টার দিকে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। এতে পোশাক কারখানার মালিকদের পক্ষে বোর্ডের সদস্য ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল লিখিত আবেদন জমা দিয়ে সময় চান।
বৈঠক শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান এ কে রায় সাংবাদিকদের বলেন, গত বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আজ মালিকপক্ষের পাল্টা প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা লিখিত আবেদন করে সময় চেয়েছেন।
এ কে রায় আরও বলেন, ‘বোর্ডের সব সদস্য আলাপ-আলোচনা ও সার্বিক অবস্থা বিবেচনা করে মালিকপক্ষকে দুই সপ্তাহের সময় দিতে সম্মত হয়েছেন। আশা করছি, ১৭ সেপ্টেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভায় তাঁরা একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দেবেন।’
পাল্টা প্রস্তাব দিতে না পারার কারণ হিসেবে আরশাদ জামাল বলেন, ‘মূল কারণ হচ্ছে, এখনো পোশাকশিল্পের ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর মধ্যে সমন্বয় করা যায়নি। তা ছাড়া বর্তমানে শিল্পের সক্ষমতাও বিবেচনা করতে হবে। এ জন্য একটি জরিপ করা হবে।’
বিজিএমইএর এই পরিচালক বলেন, ‘জরিপের তথ্য নিয়ে এক সপ্তাহের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে পৃথক দুটি ইজিএম করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিজিএমইএ। তা ছাড়া আমরা যেনতেনভাবে প্রস্তাব দিতে চাই না, যাতে করে শিল্পটি টিকে থাকতে অসমর্থ হয়।’
আশরাদ জামাল আরও বলেন, মূল মজুরির পাশাপাশি খাবার, যাতায়াতসহ বিভিন্ন বিষয় আছে, যা একেক কারখানায় একেক রকম। তা ছাড়া ইপিজেডের কারখানাগুলোতে শ্রমিকদের দুপুরের খাবার দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের অনেক কারখানাতেই এটি দেওয়া হয় না। তাই সার্বিকভাবে শিল্পের সক্ষমতা নিরূপণ করতে হবে।
এ ছাড়া বিজিএমইএর লিখিত বক্তব্যে বলা হয়, বিদ্যুৎ-সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদের হার ও রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক খাতে অস্থিতিশীল সময় চলছে। অন্যদিকে বড় কারখানাগুলোর মতো সুবিধা না পাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো বড় ঝুঁকিতে আছে। আবার ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়া রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে গতকালের সভায় বোর্ডের অন্য সদস্য কাজী সাইফুদ্দিন, কামাল উদ্দিন, ফজলুল হক, সিরাজুল ইসলাম ও সচিব মো. আবু হাসানাত উপস্থিত ছিলেন।