প্রস্তাবিত আইপিওতে আর কোনো মতামত দেবে না ডিএসই
এখন থেকে নতুন তালিকাভুক্ত হতে যাওয়া কোম্পানির বিষয়ে আর কোনো মতামত দেবে না ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এমনকি তালিকাভুক্তির আগে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বিবরণীর ওপর মতামত প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। গতকাল রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।দেশের রাজনৈতিক পরিস্থিতি ও শেয়ারবাজারে এর প্রভাব, উত্তরণের উপায় খুঁজতে গতকাল দুপুর ১২টায় জরুরি সভায় বসে ডিএসই। সংস্থাটির সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।বৈঠকে বিশেষজ্ঞ কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি স্বীকার করে ডিএসইর সভাপতি রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, পর্ষদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, এখন থেকে ডিএসই আর কোনো কোম্পানির বিষয়ে নিজেরা আগ্রহী হয়ে মতামত দেবে না। তবে কোনো কোম্পানির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মতামত জানতে চাইলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তা দেবে। এ ছাড়া ডিএসইর নাম ও প্রতীকের (লোগো) অবাধ ব্যবহার রোধে কপিরাইট সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়নেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের সভায়। এটি হলে ডিএসইর অনুমোদন ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিএসইর নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না। ডিএসই সূত্র আরও জানায়, তালিকাভুক্ত নতুন কোম্পানির ক্ষেত্রে লেনদেনের প্রথম দিন থেকে ঋণসুবিধা উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি নিয়েও গতকালের সভায় আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে নতুন তালিকাভুক্ত কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য এটিকেই কারণ বলে মনে করেন ডিএসইর পরিচালকেরা। এ কারণে লেনদেন শুরু হওয়ার প্রথম পাঁচ দিন শেয়ারের যৌক্তিক মূল্য নির্ধারণের সময়ে নতুন কোম্পানিতে ঋণসুবিধা বন্ধের সুপারিশ উঠে আসে সভায়।বর্তমান নিয়ম অনুযায়ী, ডিএসইতে কোনো শেয়ার লেনদেন শুরুর পর প্রথম পাঁচ দিন ওই শেয়ারের দামের ওপর কোনো ধরনের সীমা (সার্কিট ব্রেকার) আরোপ থাকে না। ফলে যত খুশি শেয়ারের দাম বাড়তে পারে, ঠিক একইভাবে কমতেও পারে। সাম্প্রতিক সময়ে নতুন কোম্পানিগুলোর বেলায় দেখা গেছে, লেনদেনের প্রথম দিনেই কিছু কিছু কোম্পানির শেয়ারের দাম ৪০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। কোনো ধরনের মূল্যসীমা না থাকা ও প্রথম দিন থেকে ঋণসুবিধা প্রাপ্তির কারণে এমনটি হয়েছে বলে অভিমত ডিএসইর পরিচালকদের।সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে নতুন কোম্পানি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে যে প্রবণতা তৈরি হয়েছে, তাতে পুরো বাজারের ওপর সেটি নেতিবাচক প্রভাব ফেলছে।এদিকে, আগের সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল বাজারে দরপতন ঘটেছে। ডিএসইর সাধারণ সূচক প্রায় ৪১ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৮৭৩ পয়েন্টে। নতুন চালু হওয়া সূচক প্রায় ৪১ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৭৯২ পয়েন্টে। লেনদেন আগের কার্যদিবসের চেয়ে প্রায় এক কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৭৭ কোটি টাকায়।ঢাকার বাজারে এদিন ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৪টির দাম কমেছে, বেড়েছে মাত্র ৪২টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১৫২ পয়েন্টে কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪২টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২১টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে চার কোটি টাকা কম।