প্রস্তাবিত দুই বিমা আইনের কিছু দিক নিয়ে বিআইএর আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমাসংক্রান্ত প্রস্তাবিত দুটি আইন এখন জাতীয় সংসদে পাস হওয়ার অপেক্ষায়। আইন মন্ত্রণালয়ের ভেটিং, মন্ত্রিপরিষদের অনুমোদন, অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতামত—কিছুই আর বাকি নেই। এমতাবস্থায় নানা আপত্তি ও দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিআইএর চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, সাবেক সভাপতি নাসির এ. চৌধুরী, সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ম. শামসুল আলম, অতিরিক্ত অর্থসচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।তবে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন, আজ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনেই প্রস্তাবিত দুটি আইন উপস্থাপন করা হচ্ছে।গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় বিমা আইন, ২০০৯ এবং বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০০৯ নামের দুটি প্রস্তাবকে অনুমোদন দেওয়া হয়েছে।তত্ত্বাবধায়ক সরকার আমলে পাস হওয়া আইন দুটির নাম ছিল বিমা অধ্যাদেশ, ২০০৮ এবং বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন নামে অভিহিত করার পরামর্শ দিয়েছে।বৈঠক সূত্র জানায়, জীবন বিমা কোম্পানির জন্য পরিশোধিত মূলধন বর্তমানের সাড়ে সাত কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকা এবং সাধারণ বিমা কোম্পানির জন্য ১৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০ কোটি টাকা করা হয়েছে। এ ব্যাপারে বিআইএর কোনো আপত্তি নেই।প্রস্তাবিত আইনে পরিচালকদের সংখ্যা করা হয়েছে ১৫। এর মধ্যে উদ্যোক্তাদের মধ্যে আটজন, জনগণের পক্ষে পাঁচজন এবং স্বতন্ত্র পরিচালক থাকবেন দুজন।বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইআরএ) গঠনের কথা রয়েছে। তাঁদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর এবং একবারই তাঁরা পুনরায় নিয়োগ পেতে পারবেন।বিআইএ কোম্পানির পরিচালক ১৫ জনের বদলে ২০ জন করে চায়। এ ছাড়া বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারাম্যানের বয়সসীমা সীমাহীন রাখারও দাবি জানিয়েছে। চেয়ারম্যানের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৭ বছর।তবে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য হলো, অন্য সব সংস্থার প্রধানের বয়সসীমা ৬৫ বছর। বিমার ক্ষেত্রে ৬৭ করা হয়েছে। তাদের সীমাহীন বয়সের চেয়ারম্যানের দাবি গ্রহণযোগ্য নয়।স্বল্প অঙ্কের বিমা দাবি বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষই নিষ্পত্তি করবে—প্রস্তাবিত আইনে এমন বিধান থাকলেও বিআইএ চায়, বড় অঙ্কের বিমা দাবিগুলোর আইনগত নিষ্পত্তি।এ ছাড়া সলভেন্সি মার্জিনের ক্ষেত্রেও আপত্তি জানিয়েছে বিআইএ। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মার্জিন নির্ধারিত হবে সম্পত্তি ও দায়ের ওপর ভিত্তি করে। বিআইএ চায়, পরিচালন ব্যয় বাদ যাওয়ার পর যে সম্পত্তি ও দায় থাকবে, তার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে এ মার্জিন।সূত্র জানায়, অর্থমন্ত্রী বিআইএর আপত্তিগুলো শুনলেও কোনো সিদ্ধান্ত দেননি। আজকালের মধ্যে তিনি অর্থ বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ ব্যাপারে বৈঠকে বসবেন।তবে বিআইএর চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম বলেন, কিছু বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনার দরকার ছিল। সোমবার থেকে শুরু হওয়া অধিবেশনে আইন দুটি পাস হওয়ার ব্যাপারে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন।