প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আছে : সমুন্নয়

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে বলে মনে করছে বেসরকারি সংস্থা সমুন্নয়। তারা মনে করছে, আগামী অর্থবছরের বাজেটে উল্লিখিত বিভিন্ন প্রকল্পের গুণগত মান উন্নত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা সুনির্দিষ্ট করেন বলেননি অর্থমন্ত্রী। তা ছাড়া রাজস্ব আয় শেষ পর্যন্ত লক্ষ্য অনুযায়ী হবে কি না, ঘাটতি কীভাকে মিটবে, সে ব্যাপারে সন্দেহ থাকায় এই প্রশ্ন তৈরি হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে আজ রোববার সমুন্নয় আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান সমুন্নয় প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে।
আলোচনা সভার সভাপতি সমুন্নয়ের টিম লিডার অধ্যাপক খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বাজেট বড়। আয়ও বড় দেখানো হলো, ব্যয়ও বড় দেখানো হলো। কিন্তু যদি আয় না হয়? তবে সব প্রশ্নের জবাব দেওয়া যাবে যদি বাজেট বাস্তবায়ন করা হয়। কিন্তু বাস্তবায়ন করার সক্ষমতা বক্তৃতায় পাওয়া যায়নি। বাজেটে অর্থনৈতিক সমতা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে, কিন্তু কোনো নির্দেশনা নেই। শুধু ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এটা হলে হবে না। সম্পদ নিয়ে মানুষের মধ্যে ব্যবধান বেড়ে গেছে। সামাজিক সুরক্ষা বাস্তবায়নে বরাদ্দ নিয়েও স্বচ্ছতা থাকা প্রয়োজন।
ইব্রাহিম খালেদ বলেন, কর্মসৃজন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষিতদের কর্মসংস্থান সম্পর্কে বাজেটে সঠিক নির্দেশনা পাওয়া যায় না।
সভায় ‘প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ কতটা প্রান্তজন বান্ধব?’ শিরোনামে সমুন্নয় সমন্বয়ক দিলরুবা ইয়াসমীন চৌধুরী প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে বলা হয়, এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) হলো দারিদ্র্যের ভাগ্যোন্নয়নের দলিল। দেশের উন্নয়ন হলে তার ছোঁয়া গরিব ও প্রান্তজনের ওপরও পড়ে। সুতরাং এডিপি মোট বাজেটের কত অংশ এবং কীভাবে বাস্তবায়িত হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত প্রস্তাবিত এডিপির তুলনায় সংশোধিত এডিপির আকার ছোট হয়। আর অর্থবছরের প্রথম নয় মাসের পর সেই কাটছাঁট করা এডিপিরও একটি বিরাট অংশ অব্যয়িত থেকে যায়। এবারের এডিপিতে দেওয়া হিসাবেও তার ব্যতিক্রম চোখে পড়েনি। প্রবন্ধে বলা হয়, সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন খাতে নারীদের হিস্যা মোট বরাদ্দের শতাংশ হিসেবে বছরান্তে কমে যাচ্ছে। এবারের প্রস্তাবিত বরাদ্দ সংশোধিত বরাদ্দ ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে মাত্র ৮.৭ শতাংশ বেড়েছে। তবে উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বাস্তবায়নের হার আশাব্যঞ্জক নয়।
সভায় প্রবন্ধ উপস্থাপনের পর প্যানেল আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এনামুল হক ও বিআইআইএসএসের সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবীর।