প্রস্তাবিত মূসক আইনে শাস্তির বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবর্তনমূলক আইন চাপিয়ে দেওয়া হলে দেশের ব্যবসায়ীরা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দেবেন না বলে জানিয়েছেন। প্রস্তাবিত মূসক আইনে শাস্তির বিধান রাখার তীব্র বিরোধিতা করেছেন তাঁরা। তবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন।গতকাল শনিবার মূসক আইন-২০১১-এর খসড়ার ওপর এক আলোচনা সভায় ব্যবসায়ীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান এমন আশ্বাসই দেন। রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।স্বাগত বক্তব্যে সভার সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি জসিম উদ্দিন আহমদে বলেন, ‘আমরা সরকারকে কর দিতে চাই। কিন্তু জোর করে আইনের মাধ্যমে কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে আমরা হয়তো তা মানতে পারব না।’নতুন আইন তৈরির আগে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দুটি দাবি বিবেচনায় নেওয়ার কথা বলেন জসিম উদ্দিন। একটি হলো: প্রভাব মূল্যায়ন অর্থাৎ আগেই সম্ভাব্য ঝুকিগুলো বিশ্লেষণ করা; অন্যটি হলো, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, এনবিআর, ট্যারিফ কমিশন এবং এফবিসিসিআইসহ ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন।সভায় করব্যবস্থা নিয়ে প্রবন্ধে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার ৮ শতাংশে উন্নীত করতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে। বর্তমানে জাতীয় আয়ের মাত্র সাড়ে ৯ শতাংশ আসে কর থেকে।’আহসান মনসুর আরও বলেন, সরকার কর-জিডিপি অনুপাত ১৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এটা অর্জন করতে হলে করব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। এ জন্য একটি সমন্বিত কর প্রশাসনও গড়ে তুলতে হবে।আরেক প্রবন্ধে এনবিআরের কাস্টমস বিভাগের কমিশনার জাহাঙ্গীর হোসেন বলেন, খসড়া আইনে একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠান থাকলে একটি নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। এতে তাঁর হয়রানি কমবে। আবার একই ব্যক্তির এক কারখানা থেকে আরেক কারখানায় পণ্য হস্তান্তর করার ক্ষেত্রে বর্তমানে ১ দশমিক ৫ শতাংশ হারে যে মূসক দিতে হয়, সেটা নতুন আইনে দিতে হবে না।জাহাঙ্গীর হোসেন আরও বলেন, খসড়া আইনে উৎপাদিত পণ্যের জন্য বিভাগীয় কমিশনারের কাছ থেকে মূল্য ঘোষণা নেওয়ার বিধান রাখা হয়নি। বরং কী মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে, কমিশনারকে সেটা জানালেই হবে। আবার যেকোনো সময়ে, যেকোনো পরিমাণ ছাড় দিয়ে পণ্য বিক্রি এবং উৎসে কর রেয়াতের সুবিধা রাখা হয়েছে।আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক কর আইন বিশেষজ্ঞ বেন টেরি।মুক্ত আলোচনাপ্রস্তাবিত আইনে ব্যবসায়ীদের শাস্তির বিধানের বিরোধিতা করে এফবিসিসিআইয়ের আরেক সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘এটা নিপীড়নমূলক আইন হবে। আমরা ভ্যাট দিতে চাই। কিন্তু আমাদের তো নাগরিক সুবিধা দিতে হবে।’এফবিসিসিআইয়ের ভ্যাট-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন খান বলেন, ‘আগের আইনটাই ভালো ছিল। সেটা সংস্কার করলেই হতো। নিবর্তনমূলক কোনো আইন করলে ব্যবসায়ীরা তাতে সমর্থন দেবেন না। জোর করে ভ্যাট নেওয়ার চেষ্টা করা হলে আমরা ভ্যাট দেব না।’এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন, ‘ক্ষুদ্র খাতে যদি ভ্যাট উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এখনই এ আইন মেনে নেব।’এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, ‘দুটি আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান মুডিস এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর তাদের প্রতিবেদনে বাংলাদেশে জিডিপি-কর অনুপাতের হার ১২ শতাংশের বেশি উল্লেখ করেছে। কিন্তু সরকারি হিসাবে এই হার সাড়ে ৯ শতাংশ। এটা বিভ্রান্তিকর।’ বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক শহিদুল হক বলেন, ‘বছরে আমরা ৩৪ হাজার কোটি টাকা কর দিই। কিন্তু এর সঙ্গে আরও তিন-চার হাজার কোটি টাকা ঘুষ দিতে হয়, সেটা বলা হয় না। এই অবস্থা বন্ধ হওয়া দরকার।’বাংলাদেশ চেম্বারের পরিচালক প্রীতি চক্রবর্তী বলেন, প্রয়োগকারী ও ব্যবহারকারীর মধ্যে অস্বচ্ছ ধারণা থাকায় কর আইনে প্রয়োগ ঠিকমতো হয় না। যশোর চেম্বারের শহিদুল ইসলাম নতুন করে মূসক আরোপ না করে বরং এর আওতা বাড়ানোর প্রস্তাব করেন।মুক্ত আলোচনায় আরও অংশ নেন ঢাকা চেম্বারের সাবেক পরিচালক আবদুস সালাম, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুর রাজ্জাক, সাবেক সহসভাপতি আহম্মেদ আবুল কাশেম, ওবায়দুর রহমান, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।এনবিআর চেয়ারম্যাননতুন আইন চূড়ান্ত করার আগে এর প্রভাব মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনতে না পারলে মূসক আইন বাস্তবায়ন করা যাবে না। আর এনবিআর স্বয়ংক্রিয়করণে তিন বছরের বেশি সময় লাগবে। তাই এই আইনটি বাস্তবায়নে সময় লাগবে।’শাস্তি নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের বিষয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, খসড়া আইনে শাস্তির যে বিষয়গুলো আছে, সেটা এনবিআর বিবেচনায় নেবে। কারণ, এনবিআর ব্যবসায়ীদের শাস্তি দিতে চায় না। নিবর্তনমূলক কোনো আইনও এনবিআর করবে না।এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, গত ২০ বছরে ১৫ গুণের বেশি মূসক আদায় হয়েছে। এটা সম্ভব হয়েছে ব্যবসায়ীদের জন্যই। কর প্রত্যর্পণ ব্যবস্থা চালুরও চেষ্টা চলছে। এটি করা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।