প্রস্তাবিত সমুদ্রবন্দর ব্যবহারে প্রতিবেশীদেরও থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের আগে এটি ব্যবহারে ভারত ও চীনসহ প্রতিবেশী দেশগুলোর নিশ্চয়তা আদায় করতে হবে। কারণ, প্রতিবেশী দেশগুলো এই সমুদ্রবন্দর ব্যবহার না করলে এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের সুফল বেশি পাওয়া যাবে না।
চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে গতকাল রোববার এক মতবিনিময় সভায় বন্দর ব্যবহারকারীরা এ কথা বলেন। নেদারল্যান্ডস দূতাবাস ও চট্টগ্রাম চেম্বার যৌথভাবে এ সভার আয়োজন করে।
এতে বন্দর ব্যবহারকারীরা প্রস্তাবিত সমুদ্রবন্দর থেকে দেশের নানা অঞ্চলে সড়ক, রেল ও নদীপথে পণ্য পরিবহনের ব্যবস্থাও নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন ডি জং ও বন্দর পরিকল্পনাবিদ জ্যান উইল্যাম কোম্যান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও পরিচালক মাহফুজুল হক শাহ, কোস্টগার্ডের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম, বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান, কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবু ফয়সাল মুরাদ, চট্টগ্রাম বন্দরের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ার ও পরামর্শক আতাউল করিম চৌধুরী, বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর রায়, বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এস কে ঘোষ, ওয়াহিদুল আলম, রুহুল আমিন সিকদার প্রমুখ বক্তব্য দেন।
গার্বেন ডি জং বলেন, ‘বন্দর উন্নয়ন ও পানিসম্পদ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার আলোকে কীভাবে গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে মতবিনিময় করছি। আমাদের প্রস্তাবনা নিয়ে সরকারের কাজ করার সুযোগ আছে।’
মাহবুবুল আলম বলেন, সমুদ্রপথে বাণিজ্য যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বাড়তি পণ্য ওঠানো-নামানো সম্ভব হবে না। এ কারণেই গভীর সমুদ্রবন্দর নির্মাণের গুরুত্ব বাড়ছে।
জ্যান উইল্যাম কোম্যান বলেন, নেদারল্যান্ডসের বড় বন্দরগুলোর প্রধান নির্ভরতা পশ্চাৎসংযোগের ওপর। সে অনুযায়ী প্রস্তাবিত সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের সঙ্গেও এ দেশের নানা অঞ্চলের পশ্চাৎসংযোগের উন্নয়ন করাও জরুরি।