প্রস্তাবিত সম্পত্তি কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আগামী প্রাক-বাজেট আলোচনায় রিহ্যাবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। উল্লেখ্য, প্রস্তাবিত আয়কর আইনে সম্পতি কর আরোপের প্রস্তাব করা হয়েছে।এদিকে রি-রোলিং ও স্টিল মিল সমিতির পক্ষ থেকে আমদানীকৃত স্ক্র্যাপে প্রাক-জাহাজীকরণ (পিএসআই) পদ্ধতি বাতিলের সুপারিশ করা হয়। অন্যদিকে বন্ড সুবিধা নিশ্চিত করার প্রস্তাব করেছেন করোগেটেড কার্টন এবং এক্সেসরিজ উৎপাদক ও রপ্তানিকারক সমিতির নেতারা।গতকাল এনবিআরে নির্মাণ ও বন্ড সুবিধার আওতাভুক্ত খাতগুলোর সঙ্গে পৃথক দুটি আলোচনা সভা হয়। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ খাতের পক্ষে এসব দাবি জানান। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ।আলোচনা সভায় বক্তব্য দেন রিহ্যাবের নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক ও আনিসুর রহমান খান, রি-রোলিং ও স্টিল মিল সমিতির চেয়ারম্যান এস কে মাসাদুল আলম মাসুদ, বাংলাদেশ স্টিল মিল সমিতির মহাসচিব বশির উল্লাহ, করোগেটেড কার্টন এবং এক্সেসরিজ উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রেফাজ আলম চৌধুরী, সিআর কয়েল উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক এ কে আকতার কামাল প্রমুখ।আবু বকর সিদ্দিক সম্পত্তি কর প্রত্যাহারের পক্ষে যুক্তি দিয়ে জানান, রিয়েল এস্টেট শিল্পের মাধ্যমে অনেক লিংকেজ শিল্প গড়ে উঠছে। এ ছাড়া অধিক লোক ফ্ল্যাটের মালিক হলে সরকার ওই খাতে রাজস্ব চাহিদা পূরণ করতে পারবে। সম্পত্তির ওপর কর বসালে এই খাতে নেতিবাচক অবস্থার সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।এস কে মাসাদুল আলম মাসুদ জানান, পিএসআই পদ্ধতির কারণে স্ক্র্যাপ আমদানীকারকদের হয়রানির শিকার হতে হয়। অনেক সময় পরিদর্শকেরা মাঠপর্যায়ে পরিদর্শন করতেও আসেন না। এ ছাড়া আমদানীকারকেরাও স্ক্র্যাপের বদলে সিলিকন, পাথর দিয়ে থাকে। আর পিএসআই প্রতিষ্ঠানও তাতে সনদ দিয়ে থাকে। এসব কারণে স্ক্র্যাপ আমদানিতে পিএসআই পদ্ধতি প্রত্যাহারের দাবি জানান তিনি।রাফেজ আলম চৌধুরী জানান, বিজিএমইএ ও বিকেএমইএ বন্ড সুবিধা পেয়ে থাকে। করোগেটেড কার্টন ও এক্সেসরিজ উৎপাদক ও রপ্তানিকারকদের একই সুবিধা নিশ্চিত করা দরকার। এই খাতের রপ্তানিকারকদের উৎস কর প্রত্যাহারের দাবিও জানান তিনি।