প্রস্তাবের চেয়ে ভাড়া ২৫ শতাংশ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৬টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) প্রতি বর্গমিটার জমির ইজারামূল্য বা ভাড়ার হার প্রস্তাবের চেয়েও ২৫ শতাংশ কম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের পঞ্চম সভায় গতকাল বৃহস্পতিবার এসইজেডে জমির ভাড়ার হার চূড়ান্ত হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বেজার পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত জুলাইয়ে বেজার গভর্নিং বোর্ডের সভায় এসইজেডের জমির ভাড়ার একটি হার প্রস্তাব করা হয়। সেটি পর্যালোচনার জন্য অর্থসচিবের নেতৃত্বে একটি কমিটি হয়। এসইজেডভেদে প্রতি বর্গমিটার জমির ভাড়া বছরে শূন্য দশমিক ৩৫ ডলার থেকে শূন্য দশমিক ৮০ ডলার প্রস্তাব করে সেই কমিটি। এ হারে এককালীন ৫০ বছরের জন্য চুক্তি করে জমি ইজারা নিতে পারবেন বিনিয়োগকারীরা। তবে বছর ভিত্তিতে ভাড়া নিলে প্রতি বর্গমিটারে শূন্য দশমিক ৯০ থেকে ২ ডলার পর্যন্ত গুনতে হবে বিনিয়োগকারীদের।
গতকালের সভা শেষে বেজার একাধিক কর্মকর্তা বলেন, অর্থসচিবের নেতৃত্বে গঠিত কমিটির ভাড়ার হারের প্রস্তাবটি গভর্নিং বোর্ডের সভায় আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত প্রস্তাবের চেয়ে ২৫ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হয়। এর ফলে যে জমির ভাড়া শূন্য দশমিক ৮০ ডলার (প্রতি বর্গমিটার) প্রস্তাব করা হয়েছিল, এখন তা কমে হচ্ছে শূন্য দশমিক ৬০ ডলার।
এ ছাড়া ওয়াসার পানির বিল, পরিশোধন ব্যয়, রি-সাইক্লিং ব্যয়, বিদ্যুতের সরবরাহ মূল্য, গ্যাসের ক্রয়মূল্য ও তরল বর্জ্য পরিশোধনে অপারেটরের চার্জের ওপর ১০ শতাংশ সেবা মাশুল দেওয়ার প্রস্তাব করা হলেও সেটি কমিয়ে ৫ শতাংশে নির্ধারণ করেছে গভর্নিং বোর্ড।
প্রাথমিকভাবে ১৭টি এসইজেডের জমির ভাড়ার হার প্রস্তাব করা হয়। তবে শেষ পর্যন্ত ষোলোটির ভাড়া নির্ধারণ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে বাসস জানিয়েছে, গতকালের সভায় মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী ও কিশোরগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে।
বাসস জানায়, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের জন্য বেসরকারি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু সুযোগ-সুবিধা নিয়ে বিনিয়োগকারীরা কৃষিজমিতে যথেচ্ছ শিল্প স্থাপন করেছেন। এ ছাড়া অপরিকল্পিত শিল্পকারখানা পরিবেশেরও ক্ষতি করেছে। তাই এখন থেকে বিনিয়োগকারীদের নির্ধারিত অঞ্চলেই শিল্প স্থাপন করতে হবে। এসব অঞ্চলে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বেজার কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সেবার ব্যবস্থা করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গঠনের খসড়া নীতি, শুল্ক ব্যবস্থা ও বর্তমান বৈশ্বিক বিনিয়োগ প্রেক্ষাপট বিবেচনায় বিনিয়োগকারীদের যথাযথ মূল্যে জমি প্রদানের প্রস্তাব নিয়ে সভায় আলোচনা হয়।