প্রস্তুত ও চলমান প্রকল্প এনেছে ৫৪ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে রিহ্যাব আয়োজিত চার দিনের আবাসন মেলার প্রথম দিনে গতকাল (ঘড়ির কাঁটার দিকে) স্যানমার প্রপার্টিজ, রাকিন ডেভেলপমেন্ট, জুমাইরা হোল্ডিংস ও এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিসের স্টলে ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো
চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে রিহ্যাব আয়োজিত চার দিনের আবাসন মেলার প্রথম দিনে গতকাল (ঘড়ির কাঁটার দিকে) স্যানমার প্রপার্টিজ, রাকিন ডেভেলপমেন্ট, জুমাইরা হোল্ডিংস ও এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিসের স্টলে ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো

স্টলে স্টলে সাজিয়ে রাখা হয়েছে সম্পূর্ণ প্রস্তুত ও চলমান প্রকল্পের পুস্তিকা-প্রচারপত্র। স্টলের দিকে এগিয়ে আসতেই গ্রাহকদের ফ্ল্যাট-প্লট প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে ধরছেন কর্মীরা। নগরের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত চার দিনের আবাসন মেলা উদ্বোধনের পর ঘুরে এই চিত্র দেখা গেছে।

মেলা উদ্বোধনের পর গ্রাহকদের ভিড় না থাকলেও সন্ধ্যা গড়াতেই ভিড় বাড়ছিল। মেলা চত্বরে স্যানমার প্রপার্টিজ লিমিটেডের স্টলে দেখা গেল, গ্রাহক বুঝে সাড়া দিচ্ছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এবারের মেলায় স্যানমার ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কথা তুলে ধরছে। সর্বনিম্ন ১ হাজার ৪৫ বর্গফুট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৩৫২ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে এসব প্রকল্পে। তবে মেলায় কোনো ফ্ল্যাট বিক্রির কথা বলছে না তারা।

স্যানমারের স্টলে থাকা প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের প্রধান মো. রেজাউল হক প্রথম আলোকে জানান, বিক্রি নয়, প্রকৃত গ্রাহকদের চাহিদা জেনে নেওয়া ও প্রকল্প সম্পর্কে জানানোর জন্যই মেলায় অংশ নিয়েছে স্যানমার। স্যানমার সব সময় বড় গ্রাহকদের জন্য ফ্ল্যাট তৈরি করলেও এবার মধ্যবিত্ত শ্রেণির জন্য ফ্ল্যাট নিয়ে এসেছে বলে জানালেন তিনি।

চট্টগ্রামে প্লটের কোনো প্রকল্প না থাকলেও মেলায় স্টল দিয়েছে ঢাকার রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি)। ঢাকার মিরপুরে প্রায় ৫০ বিঘা জায়গায় ‘বিজয় রাকিন সিটি’ গড়ে তুলছে এ প্রতিষ্ঠানটি। এই প্রকল্পে ১৫টি ভবনে প্রায় দেড় হাজার থেকে ১ হাজার ৮৭২ বর্গফুট আকারের প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। বর্গফুটপ্রতি ৬ হাজার ২০০ থেকে ৮ হাজার টাকায় মিলছে এই প্রকল্পের ফ্ল্যাট।

প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী মো. রিজভী হাসান জানান, চট্টগ্রামের গ্রাহকদের জানানোর জন্য মেলায় অংশ নিয়েছে রেকিন। ইতিমধ্যে এই বড় প্রকল্পের ৮০ শতাংশ ফ্ল্যাট বিক্রি হয়েছে।

জুমাইরা হোল্ডিংসের প্রচারপত্রে নতুন প্রকল্পের পাশাপাশি হস্তান্তর করা ১৭টি প্রকল্পও তুলে ধরছেন কর্মীরা। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মুরাদপুর, চকবাজার, নাসিরাবাদ, সুগন্ধা ও আমিরবাগ এলাকায় পাঁচটি চলমান প্রকল্পের ফ্ল্যাট বিক্রি করছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, ১ হাজার ৩২০ থেকে আড়াই হাজার বর্গফুট আকারের ফ্ল্যাট পাওয়া যাবে এসব প্রকল্পে।

মেলায় বড় ও ছোট উভয় আকারের ফ্ল্যাট নিয়ে এসেছে এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস। কর্নেলহাট ও আগ্রাবাদের ছোটপুল এলাকায় এই প্রতিষ্ঠানের দুটি প্রকল্পে ৮৫১ থেকে ৯৫৩ বর্গফুটের ছোট ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখে বর্গফুটপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৫৫০ টাকায় ফ্ল্যাট বিক্রি করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী শরিফুল আলম ভূঁইয়া জানান, আবাসন খাতে মধ্যবিত্ত গ্রাহকদের ফ্ল্যাটের চাহিদা বেশি। তাদের কথা মাথায় রেখে ছোট আকারের ফ্ল্যাট তৈরি করছে এয়ারবেল। এ ছাড়া নন্দনকানন, নাসিরাবাদ ও কাতালগঞ্জে মাঝারি ও বড় আকারের ফ্ল্যাটের প্রকল্প রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্বোধনের পর মেলায় আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তফা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘সব খরচসহ ৭০ লাখ টাকার মধ্যে দেড় হাজার বর্গফুটের ফ্ল্যাট খুঁজতে মেলায় এসেছি। তবে এই টাকায় হালিশহরসহ মূল শহরের বাইরে ফ্ল্যাট পাওয়া গেলেও জামাল খানসহ পছন্দের জায়গায় মিলছে না। আবার পছন্দের জায়গায় মিললেও টাকার হিসাব মিলছে না।’

আয়োজকেরা জানান, রিহ্যাবের এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা। এবার মেলায় আটটি আর্থিক প্রতিষ্ঠান, ১০টি বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠানসহ ৭২টি প্রতিষ্ঠানের মোট ৯০টি স্টল রয়েছে।

এর আগে দুপুরে মেলার উদ্বোধনী বক্তব্যে ফ্ল্যাট কেনার পর টাকার উৎস নিয়ে প্রশ্ন না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ নিয়ে সরকারের সঙ্গে তাঁর দ্বিমতের কারণও ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, টাকার উৎস নিয়ে প্রশ্ন করলে এখান থেকে টাকা চলে যাবে। মানুষ বাইরে অ্যাপার্টমেন্ট কিনবে বলেও মন্তব্য করেন তিনি।

রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে আবাসনশিল্পে অবদান রাখায় স্যানমার প্রপার্টিজ ও ইক্যুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্টকে স্বর্ণপদক দেওয়া হয়।