প্রস্তুত ফ্ল্যাটে ঝোঁক বেশি গ্রাহকদের

চট্টগ্রামের আবাসন মেলায় গ্রাহকদের আগ্রহ প্রস্তুত ফ্ল্যাট ঘিরে। ছোট ও মাঝারি আকারের প্রস্তুত ফ্ল্যাট বিক্রিতে সাড়াও বেশি পাচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। মেলায় চাহিদা বেশি না থাকলেও নামীদামি প্রতিষ্ঠানগুলোর বড় ফ্ল্যাটের প্রকল্প বেশি দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার নগরের র্যা ডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে রিহ্যাবের আবাসন মেলার দ্বিতীয় দিনে এই চিত্র দেখা গেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত মেলায় ভিড় ছিল না। তবে বিকেলের পর থেকে ভিড় বাড়তে থাকে। মেলায় ঢাকা ও চট্টগ্রামে ১২টি প্রকল্পে চলমান ও প্রস্তুত ফ্ল্যাট নিয়ে এসেছে এপিক প্রপার্টিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রস্তুত ফ্ল্যাটে গ্রাহকদের সাড়া পাচ্ছে বেশি। এই প্রতিষ্ঠানের কয়েকটি প্রকল্পে ৩৫টি প্রস্তুত ফ্ল্যাট রয়েছে।
এপিকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কাজী আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, মেলায় আসা গ্রাহকেরা প্রস্তুত ফ্ল্যাটই বেশি চাইছে। কয়েকটি প্রস্তুত ফ্ল্যাটের বুকিংও হয়েছে। গৃহঋণের সুদের হার কম ও ফ্ল্যাটের মূল্যের ৭০ শতাংশ গৃহঋণ পাওয়ায় অনেক গ্রাহকই এখন প্রস্তুত ফ্ল্যাট চাইছেন।
মেলায় কয়েকটি প্রতিষ্ঠানের স্টল ঘুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাঝারি আকারের প্রস্তুত ফ্ল্যাট কেনা সবচেয়ে সুবিধাজনক। এখন গৃহঋণের সুদও তুলনামূলক কম। প্রস্তুত ফ্ল্যাটে উঠে যেতে পারলে ঘর ভাড়ার চেয়ে কিছু বেশি টাকায় কিস্তি পরিশোধ করা যাবে।
মেলায় র্যাং কস এফসি প্রপার্টিজ লিমিটেডের স্টলে দেখা যায়, প্রতিষ্ঠানটির আটটি চলমান প্রকল্প গ্রাহকদের কাছে তুলে ধরছে মেলায়। এসব প্রকল্পে বেশির ভাগ ফ্ল্যাটের আকার দেড় থেকে দুই হাজার ১০০ বর্গফুটের। শুধু একটি প্রকল্পে দেড় হাজার বর্গফুটের নিচে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নাজমুল হোসেন প্রথম আলোকে বলেন, উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত গ্রাহকদের জন্য ফ্ল্যাট তৈরি করছে র্যাং কস এফসি। মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের কথা মাথায় রেখে কয়েকটি সম্ভাব্য প্রকল্পে মাঝারি আকারের ফ্ল্যাট তৈরি করা হবে।
মেলায় চট্টগ্রামে সাতটি অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে এসেছে এএনজেড প্রপার্টিজ লিমিটেড। মেলা উপলক্ষে লালখানবাজার হিলসাইড আবাসিক এলাকায় একটি প্রকল্পে প্রতি বর্গফুট সাড়ে ৪ হাজার টাকায় পাঁচটি ফ্ল্যাট বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকালের মধ্যে তিনটি ফ্ল্যাটই বিক্রি হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির চট্টগ্রামের প্রধান পরিচালন কর্মকর্তা তানভীর শাহরিয়ার।
চট্টগ্রামে কোনো প্রকল্প না থাকলেও মেলায় স্টল দিয়েছে আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি ঢাকার আশুলিয়া মডেল টাউন ও গ্রীন মডেল টাউনের প্লটের প্রকল্প তুলে ধরছে। স্টলে থাকা প্রতিষ্ঠানের নির্বাহী রফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ঢাকার প্রকল্পগুলোতে চট্টগ্রামের লোকজনের আগ্রহ রয়েছে। এ কারণেই এই দুটি বড় প্রকল্পের বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে মেলায়।
রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী প্রথম আলোকে বলেন, চাহিদার কারণে আবাসন খাতে প্রস্তুত ফ্ল্যাটের সংখ্যা কমছে। বছর দেড়েক আগেও পাঁচ হাজার ফ্ল্যাট অবিক্রীত থাকলেও এখন তা ৫০০টির বেশি হবে না বলে তিনি জানান। গত দুই বছরে ফ্ল্যাটের মূল্য ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমেছে। মূল্য সংশোধন হয়ে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সরকার নিবন্ধন খরচ কমালে গ্রাহকেরা আরও কমে ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন।
রিহ্যাবের এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। এবার মেলায় আটটি আর্থিক প্রতিষ্ঠান, ১০টি বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠানসহ ৭২টি প্রতিষ্ঠানের মোট ৯০টি স্টল রয়েছে।