প্রাইম ফাইন্যানশিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে দেশের প্রথম অবিরত (ওপেন-অ্যান্ড) মিউচুয়াল ফান্ড প্রাইম ফাইন্যানশিয়াল ফার্স্ট ইউনিট ফান্ড গতকাল রোববার থেকে যাত্রা শুরু করেছে।এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মো. জিয়াউল হক খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ফাইন্যান্সের চেয়ারম্যান মো. আমিনুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন আল কাশেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাইম ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার হোসেন সান্নামাত, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক পরামর্শক আনিসুজ্জামান চৌধুরী, ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ ব্যবস্থাপক সমিত কুমার মজুমদার প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ফাইন্যানশিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের প্রাথমিক আকার ২০ কোটি টাকা। প্রতি ইউনিটের প্রাথমিক মূল্য ১০০ টাকা। এই ফান্ডের উদ্যোক্তা হিসেবে প্রাইম ফাইন্যান্স ইতিমধ্যেই তিন কোটি টাকার ইউনিট ক্রয় করেছে। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিটের বিক্রয়মূল্য ১০০ টাকা দরে বাকি ১৭ কোটি টাকার ইউনিট বিক্রয় করা হবে।ফান্ডটি দেশে বা বিদেশের কোনো স্টক একচেঞ্জে তালিকাভুক্ত নয়। ইউনিট মালিকেরা সরাসরি প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ১৬টি অনুমোদিত এজেন্ট থেকে ইউনিট কেনাবেচা করতে পারবেন। ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং অন্যান্য মিউচুয়াল ফান্ড এই ইউনিট ক্রয় করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন পেশার ব্যক্তি বিনিয়োগকারীরা এক কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার মোট এক লাখ ৫২ হাজার ১০০ ইউনিট ক্রয় করেন। আগামী ৪৫ দিন ২০ কোটি টাকার ফান্ড সংগ্রহ করা পর্যন্ত ফান্ডটির ইউনিট বিক্রয় চলবে। পরবর্তী সময়ে ফান্ডটি নিয়মিত বেচাকেনার জন্য খুলে দেওয়া হবে। একজন ব্যক্তি প্রতিটি ১০০ টাকা দরে সর্বনিম্ন ৫০টি ইউনিট (পাঁচ হাজার টাকা) এবং একটি প্রতিষ্ঠান প্রতিটি ১০০ টাকা দরে সর্বনিম্ন এক হাজার ইউনিট (এক লাখ টাকা) ক্রয় করতে পারবেন। ক্রয়ের ব্যাপারে কোনো ঊর্ধ্বসীমা নেই। বিজ্ঞপ্তি।