প্রাইম ব্যাংকের নতুন সেবা ‘প্রাইম ক্যাশ’ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ক্যাশ নামে নতুন ব্যাংকিং-সেবা পণ্য চালু করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। ‘আমার হাতে আমার ব্যাংক’ স্লোগান সামনে নিয়ে নতুন এই সেবা চালু করেছে ব্যাংকটি। এটি দেশের প্রথম বায়োমেট্রিক স্মার্ট কার্ড বলে দাবি জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।এই কার্ডে আঙুলের ছাপে শহরে ও গ্রামের গ্রাহকেরা নিরাপদ ব্যাংকিং-সুবিধা পাবেন। গতকাল রোববার রাজধানীর মতিঝিলের একটি হোটেলে নতুন এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান খসরু।এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম রিয়াজুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঁঞা ও কাজী এ এস এম আনিসুল কবির, দীপন কনসালটেন্সি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রাইম ক্যাশ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্যাংকের ভিপি (ভাইস প্রেসিডেন্ট) সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া প্রযুক্তির নিরাপত্তা ও কারিগরি বিষয়ে উপস্থাপন করেন আইটি বিভাগের প্রধান ইভিপি ইকবাল হোসেন।এহসান খসরু বলেন, প্রাইম ব্যাংক যুগের চাহিদার সঙ্গে তাল রেখে ব্যাংকিং-সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে। দেশের ব্যাংকিং-সুবিধাবঞ্চিত জনগণকে ব্যাংকিং-সেবা দিতে সংযুক্ত করা হয়েছে প্রাইম ক্যাশ। প্রত্যন্ত অঞ্চলের এবং শহরের অল্প আয়ের মানুষকে ব্যাংকিং-সেবার আওতায় আনতে এ সেবা চালু করা হয়েছে।