প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং লাইসেন্স বাতিল

বেসরকারি প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশটি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে পাঠিয়ে দিয়েছে।
নীতিমালা অমান্য করে প্রতিনিধি বা এজেন্ট নিয়োগের নামে আড়াই হাজার মানুষের কাছ থেকে ১৫ কোটি ৭৮ লাখ টাকা নিয়ে তাদের নিয়োগ না দেওয়ার গুরুতর অভিযোগে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
২০১১ সালে প্রাইম ব্যাংককে মোবাইল ব্যাংকিংয়ের লাইসেন্স দেওয়া হয়েছিল।
এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার প্রথম আলোকে জানান, তাদের গাইড লাইন অনুসারে মোবাইল ব্যাংকের সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের। তিনি বলেন, ‘আমরা অনিয়মের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রাইম ব্যাংককে শোকজ বা কারণ দর্শাতে বলেছিলাম। তাদের জবাবে সন্তুষ্ট না হওয়ায় ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।’
জানা যায়, প্রাইম ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের লাইসেন্স পাওয়ার পর এসএমজি ইনফো কম নামের একটি প্রতিষ্ঠানকে সলিউশন প্রোভাইডার বা কারিগরি ও প্রযুক্তিগত বিষয়টি নিশ্চিতের দায়িত্ব দেয়। এ বিষয়ে ব্যাংকের সঙ্গে এসএমজির চুক্তি হয়। প্রতিষ্ঠানটি ব্যাংকের নাম ব্যবহার করে বিজ্ঞাপনও ছাপে। এ বিজ্ঞাপনে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগের ঘোষণা আসে।
এ পর্যায়ে এসএমজি এজেন্টদের কাছ থেকে জামানত হিসাবে ২০ থেকে ২৫ হাজার টাকা করে অর্থ নেয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়নি। এই এজেন্টরা পরে এসে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন।
বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্ত করে সত্যতা পায়। কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল দেখেছে অন্তত ১৫ কোটি ৭৮ লাখ টাকা এজেন্সির নামে মানুষের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রাইম ব্যাংককে কারণ দর্শাতে বলে। অন্যদিকে অর্থ পরিশোধেরও নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক এখনো অর্থ পরিশোধ করেনি।
মোবাইল ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের বিধান অনুসারে এর সব ধরনের দায়দায়িত্ব ব্যাংকের। ব্যাংককেই কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্স দিয়েছে। ফলে ব্যাংকের মাধ্যমেই সব কাজ করতে হবে। কিন্তু এসএমজির এজেন্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে জামানত চাওয়া ও সেই অর্থ আত্মসাতের দায়িত্ব প্রাইম ব্যাংক নিতে চায়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের লাইসেন্স বাতিল করা হলেও এজেন্টদের অর্থ পরিশোধের নির্দেশটি এখনো রয়েছে। অর্থ ব্যাংকেই পরিশোধ করতে হবে। কত দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেছে, কিছুদিন পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এসএমজি ইনফো অনৈতিক কাজ করেছে, সেহেতু এই শাস্তি ঠিকই আছে।’ তবে তিনি বলেন, ‘আমরা সেবা নেওয়ার জন্য এসএমজির সঙ্গে চুক্তি করেছিলাম। এখন তাদের প্রতিষ্ঠানের লোক নিয়োগের সব বিষয় আমাদের দেখা সম্ভবও হয় না।’ উপরন্তু প্রাইম ব্যাংক তাদের সঙ্গে নিয়ে মোবাইল ব্যাংকিং কার্যক্রম এখনো শুরু করেনি।
এহসান খসরু বলেন, তাদের নাম দিয়ে বিজ্ঞাপন ছাপার পর তারা নয়টি সংবাদপত্রে পাল্টা বিজ্ঞাপন প্রচার করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিটা প্রত্যাহার হয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম চালানোর বিষয়ে।’ তিনি আশা করেন ভবিষ্যতে আবারও ভালো কোম্পানির সঙ্গে চুক্তি করলে তাদের লাইসেন্স দেওয়া হবে।