ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে যে অর্থ ব্যয় করে, তার ৩০ শতাংশ শিক্ষা খাতে খরচ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেছেন, ‘শিক্ষার উন্নয়নে দেশের প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে আমরা একটি শিক্ষিত ও দক্ষ জাতি পাব।’ রাজধানীর খামারবাড়ি-সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল শনিবার সকালে প্রাইম ব্যাংক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গভর্নর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংক খাতে দুর্নীতি বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতে যে জঞ্জাল তৈরি হয়েছে, তা অল্প সময়ে দূর করা বেশ কঠিন। অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এবারে ৩৭২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী।