প্রাইমার্কের পোশাক শ্রমিকের আহাজারি
শ্রমিকেরা শোষিত হচ্ছেন নানাভাবে। দেশের শ্রমিকসংগঠনের নেতারা সভা-সমাবেশে প্রায়ই এ কথা বলেন, বিক্ষোভ করেন ও প্রতিকার চান। তবে এবারের ঘটনা ভিন্ন। পোশাকশ্রমিকেরা নিজেরাই নিজেদের করুণ আকুতির কথা হাতে লিখে পোশাকের গায়ে লেবেল হিসেবে জুড়ে দিয়েছেন।
এ রকম তিনটি লেবেল আয়ারল্যান্ডভিত্তিক খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠান প্রাইমার্কের পোশাকে খঁুজে পাওয়া গেছে। আর তা পেয়েছেন যুক্তরাজ্যের ভিন্ন তিন নারী ক্রেতা। লেবেলগুলোতে লেখা আছে, ‘ফোর্সড টু ওয়ার্ক এগজোহসটিং আওয়ারস’ (ক্লান্তিকর অতিরিক্ত কাজে বাধ্য) ও ‘ডিগ্রেডিং সোয়েটশপ কন্ডিশন’ (শ্রম শোষণ পরিস্থিতির অবনমন)। খবর গার্ডিয়ান ও মিরর ।
গত বছর বাংলাদেশের সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ জন পোশাকশ্রমিক নিহত হন। ধসে যাওয়া সেই রানা প্লাজার একটি কারখানায় প্রাইমার্ক পোশাক তৈরি করাত। অবশ্য এবার হাতে লেখা যেসব লেবেল পাওয়া গেছে, সেগুলো চীনের কারাগারের কয়েদি শ্রমিকদের তৈরি, এমনটাই জানিয়েছে প্রাইমার্ক।
যুক্তরাজ্যের সোয়ানসি এলাকার রেবেকা গ্যালাগার (২৫) সম্প্রতি পোশাক পরিষ্কার করার সময় ‘ফোর্সড টু ওয়ার্ক...’ লেখা একটি লেবেল খঁুজে পান। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রাইমার্ককে জানান। তবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি কোনো সদুত্তর দিতে পারেনি। সাউথ ওয়েলস এলাকার রেবেকা জোনস (২১) তাঁর ট্রাউজারে খুঁজে পান ‘ডিগ্রেডিং...’ লেবেলটি। এই দুই নারী একে অন্যকে না চিনলেও প্রাইমার্কের বিক্রয়কেন্দ্র থেকে ১০ পাউন্ড দিয়ে তাঁরা পোশাকগুলো কেনেন।
জোনস তাঁর পোশাকের ওই লেবেলের একটি ছবি তুলে টুইটারে টুইট করেন। তিনি তাতে লিখেন, ‘এটা পরার পর আমার তখন মনে হচ্ছিল আমি যেন মারা যাচ্ছি। কিন্তু পরে জানলাম প্রাইমার্কের আরও পোশাকে এই ধরনের লেবেল পাওয়া গেছে।’
তবে এই দুই নারীই গণমাধ্যমে বলেছেন তাঁরা আর প্রাইমার্কের পোশাক পরবেন না। জোনসের বক্তব্য, ‘এই লেবেল আমাকে চিন্তা করতে শিখিয়েছে, এসব পোশাক কত কষ্টে তৈরি হয়। এটা আমাকে চিন্তা করতে শিখিয়েছে। আমি প্রাইমার্ক থেকে অনেক পোশাক কিনি, তবে আর না।’ আর রেবেকা গ্যালাগার বলেছেন, ‘বিদেশি ক্লান্ত-শ্রান্ত শ্রমিকদের তৈরি এই পোশাক পরতে রীতিমতো ভয় পাচ্ছি।’
এদিকে প্রাইমার্কের এক মুখপাত্র এ ঘটনাকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমরা তদন্ত করছি কীভাবে মূল লেবেলের সঙ্গে অতিরিক্ত এই লেবেলটি যুক্ত হলো। এই ট্রাউজারগুলো ২০০৯ সালের শুরুর দিকে শেষ কার্যাদেশ দেওয়া হয় এবং উত্তর আয়ারল্যান্ডে একই বছরের অক্টোবরের দিকে বিক্রি শেষ হয়।’