প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের ঝুঁকি বাড়ছে

প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এসব ঝুঁকি মোকাবিলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন।
জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ‘বিল্ডিং রেজিলেন্স টু নেচারাল ডিজাস্টার অ্যান্ড মেজর ইকোনমিক ক্রাইসিস’ শীর্ষক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। এই প্রতিবেদন নিয়ে গতকাল শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক সংলাপের আয়োজন করে।
সংলাপে এসকাপের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তায় সমন্বিত বিনিয়োগ, সম্পৃক্ততামূলক উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় সহযোগিতা ও টেকসই সম্পদ ব্যবস্থাপনায় এই অঞ্চলের দেশগুলো পরস্পর সহযোগিতা করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিগত কয়েক বছরে এই অঞ্চলে বন্যা, খরা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। আবার ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা এশিয়াসহ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে।
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। এতে এসকাপের প্রতিবেদন উপস্থাপন করেন প্রাকৃতিক ঝুঁকি নিরসনবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা সঞ্জয় কুমার শ্রীবাস্তব।
প্রতিবেদনের ওপর বিশেষ বক্তা ছিলেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিডি) পরিচালক সেলিমুল হক। এ ছাড়া রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, উন্নয়ন গবেষকেরা বক্তব্য দেন।
রেহমান সোবহান বলেন, সামাজিক ও কাঠামোগতভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি রাজনৈতিক আলোচনায় আনার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ বিপর্যয়ের ইস্যু নিয়ে সংসদে কতটা আলোচনা হয়েছে? নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রার্থীরা পরিবেশ বিপর্যয়ের ইস্যুকে কতটা তুলে এনেছেন?
রেহমান সোবহানের মতে, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজনৈতিক নেতাদের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার তাগিদের অভাব রয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অর্থনৈতিক সংকট রয়েছে। তবে নতুন করে যুক্ত হয়েছে রাজনৈতিক সংকট। এখন এ ধরনের ত্রিমুখী সংকট মোকাবিলা করতে হবে। তা না হলে বাংলাদেশ মধ্যমেয়াদি সংকটের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দেবপ্রিয়র মতে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে অর্থনীতি পুনরুদ্ধার করতে পাঁচ থেকে সাত বছর সময় লেগে যায়।
এম আসাদুজ্জামান বলেন, উন্নয়ন পরিকল্পনা ও নীতিকাঠামোর মধ্যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি আনতে হবে। কেননা, উন্নয়ন বিঘ্নিত হলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।
সেলিমুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশ একদিকে ঝুঁকিপূর্ণ, আবার সহনক্ষমতাসম্পন্ন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে স্থানীয় উপায়ে।
সাবেক মন্ত্রী ওসমান ফারুকের মতে, মানবসৃষ্ট দুর্যোগের কারণে ঝুঁকি বাড়ছে। দুর্নীতির কারণে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাব অর্থনীতিতেও পড়ে বলে তিনি মনে করেন।
আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘রানা প্লাজা ধসের মতো ঘটনার জন্য আমরা অপেক্ষা করব, নাকি আগে থেকেই এর প্রতিরোধে ব্যবস্থা নেব, তা ঠিক করতে হবে। এভাবে সুশাসন প্রতিষ্ঠা পায়। এটি একধরনের অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠারও অংশ।
সাবেক আমলা ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘সংলাপের মূল প্রবন্ধে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে। আমি এর সঙ্গে একমত নই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রতিটি দেশের নিজস্ব উপায়ে হতে হবে। বরং একটি ফোরাম করা যেতে পারে, যেখানে প্রতিটি দেশ তাদের অভিজ্ঞতা বিনিময় করবে।’
নগরবিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, ‘আমার দাদা প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনবার বাস্তচ্যুত হয়েছেন। জমি হারিয়েছেন। কিন্তু তিনি তাঁর চার ছেলেকে পড়াশোনা করান। এটাই তাঁর বিনিয়োগ, এটাই তাঁর দুর্যোগ মোকাবিলার সহনক্ষমতা।’
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাহউদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এম এ ওয়াজেদ প্রমুখ।