প্রাকৃতিক দুর্যোগ বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন কমাবে, দাম বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবানল, বন্যা, কীটপতঙ্গের আক্রমণ, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন কমে যেতে পারে। এর ফলে আগামী এক বছরে পৃথিবীতে খাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ) সম্প্রতি এমনই একটি পূর্বাভাস দিয়েছে।কৃষি দপ্তর আরও জানিয়েছে, আগামী এক বছরে বিশ্বব্যাপী গমের উৎপাদন দুই দশমিক তিন শতাংশ হারে কমে যেতে পারে। বিশ্বব্যাপী গম উৎপাদনকারীরা ৬৫০ মিলিয়ন টন গম উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এবার এ উৎপাদন কমে দাঁড়াতে পারে ৬৪৫ দশমিক সাত তিন মিলিয়ন টনে।এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়ায় দাবদাহ, খরা ও দাবানলের কারণে আবাদি গম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি আগামী চার মাসের জন্য গম রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ কারণে বিশ্বব্যাপী গমের দাম বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।রাশিয়ার পাশাপাশি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ইউক্রেনেও শীত ও খরার কারণে গম উৎপাদন ব্যাহত হয়েছে। সে কারণে তারাও আগামী কয়েক মাস গম রপ্তানি বন্ধ রাখতে যাচ্ছে বলে জানা গেছে। এ দুটি দেশের সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে প্রায় কয়েক মিলিয়ন টন গম উধাও হয়ে যাবে। যার প্রভাব পরবর্তীকালে গমের দামে পড়তে বাধ্য।গমের ব্যাপারে অবশ্য উল্টো চিত্রও রয়েছে। বিশ্বের অনেক দেশেই গম উত্পাদন কমে গেলেও লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় এ বছর গমের আবাদ ভালো হওয়ায়, তারা বিশ্ববাজারে অতিরিক্ত এক মিলিয়ন টন গম রপ্তানি করবে। এতে রাশিয়া ও ইউক্রেনের গমের অভাব কিছুটা পূরণ হলেও, দাম কমার আপাত কোনো সম্ভাবনা নেই বলেই মনে করেন বিশ্লেষকেরা।অস্ট্রেলিয়া সরকার ভবিষ্যদ্বাণী করেছে, এ অর্থবছরে দেশটি ২২ দশমিক এক মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন করবে। তবে অস্ট্রেলীয় সরকারের সব চিন্তাভাবনা গ্রাস করেছে পঙ্গপালের আক্রমণ। দেশটির কৃষিবিদেরা আশঙ্কা করছেন, পঙ্গপালের আক্রমণ অস্ট্রেলিয়ার এ বছরের কৃষি লক্ষ্যমাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশটির প্রধান কৃষি অঞ্চলগুলো এখন নিমজ্জিত। পাকিস্তানের ‘খাদ্য-ঝুড়ি’ হিসেবে পরিচিত পাঞ্জাবে ভুট্টা, গম ও ধানের হাজার হাজার একর জমি পানির তলায় থাকায় দেশটিতে এ বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।পাকিস্তানের একটি কৃষি সমবায় সমিতি এক হিসাবে জানিয়েছে, বন্যার কারণে দেশটির প্রায় ৫০ হাজার টন গমের আবাদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা দেশটির মোট গম আবাদের দুই শতাংশ। এর পাশাপাশি দেশটির আখ ও তুলা উত্পাদন ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি ইতিমধ্যেই পাকিস্তানের একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বন্যার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার কারণে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি প্রকট আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পবিত্র রমজান মাসে পাকিস্তানিদের প্রধান খাদ্য আটার দাম সাধারণ এমনকি মধ্যবিত্ত জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে দেশটিতে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৫৬০ রুপিতে।—আল-জাজিরা অনলাইন