প্রাক-বাজেট ২০১৪-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমির প্রকৃত মালিকদের চিহ্নিত করতে ‘হোল্ডিং সনদ’ দেওয়া হবে বলে  জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তবে কোন সময় এই হোল্ডিং সনদ চালু হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, ভূমি প্রশাসন এখানে
বড় সমস্যা। গত পাঁচ বছরে চেষ্টা করেও এতে কোনো সংস্কার আনা যায়নি। তবে পরিবর্তনটা খুব দরকার। এ কারণে কৃষির তত উন্নয়ন হচ্ছে না।

কৃষিপণ্যের বাণিজ্যিক চাষাবাদকে (কমার্শিয়ালি ফার্মিং) উৎসাহিত করতেই হোল্ডিং সনদ প্রথার কথা ভাবা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

সচিবালয়ে গতকাল সোমবার ‘চ্যানেল আই’ আয়োজিত কৃষি বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এতে আগামী বাজেটে কৃষির জন্য বরাদ্দের ৫৬ দফা সুপারিশ তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ।

অর্থমন্ত্রী মনে করেন, ভূমি জরিপে দুর্নীতিকে উৎসাহিত করা হয়। তিনি বলেন, ‘এর অবসান দরকার। ভূমি হস্তান্তরের জন্য শুধু নামজারির (মিউটেশন) বিষয়টি থাকবে।’

শিগগির জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের শেষের দিকে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, জেলা পরিষদের নির্বাচন কখনোই হয়নি। অথচ জেলা পরিষদ ব্রিটিশ আমলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

কৃষি সম্প্রসারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, কেউ কেউ মন দিয়ে কাজ করলেও অনেকেই কাজ করছেন নামকাওয়াস্তে। যে কারণে কৃষিতে উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং একেক অঞ্চলে একেক ধরনের ফসল ফলানো হচ্ছে।

গত পাঁচ বছর যে ধারায় কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, আগামীবারও তাই থাকবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কৃষি বাজেট কমানোর কোনো সুযোগ নেই।

শাইখ সিরাজ যে ৫৬ দফা প্রস্তাব তুলে ধরেন, তার মধ্যে ২০টি সরাসরি কৃষি খাতের, ১২টি পোলট্রি খাতের, ১৩টি মৎস্য খাতের ও ১১টি গবাদিপশু ও দুগ্ধ খামারবিষয়ক৷

‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক শাইখ সিরাজ দুই দশকের বেশি সময় ধরে কৃষি ও কৃষক নিয়ে কাজ করছেন৷ অর্থমন্ত্রীর কাছে তিনি সম্প্রতি দেশের পাঁচ জেলায় অনুষ্ঠিত ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ অনুষ্ঠানের ভিত্তিতে পরিচালিত এক জরিপ প্রতিবেদনও হস্তান্তর করেন৷

শাইখ সিরাজ ফসলের মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ ​করেন৷