প্রাণকে ২০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি
দেশের শীর্ষস্থানীয় প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপকে ২০০ কোটি টাকার (দুই কোটি ৫১ লাখ ডলার) অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচারাল লিমিটেডের খাদ্য প্রক্রিয়াজাতকারী নতুন তিনটি কারখানা স্থাপনে এ ঋণ দেওয়া হচ্ছে। প্রাণে অর্থায়নের মধ্য দিয়ে এডিবি প্রথমবারের মতো এ দেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে সরাসরি বিনিয়োগ করল।রাজধানীর একটি হোটেলে গত বুধবার এ বিষয়ে প্রাণ ও এডিবির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। প্রাণের পরিচালক উজমা চৌধুরী ও এডিবির বেসরকারি খাত পরিচালনা বিভাগের মহাপরিচালক ফিলিপ এরকিউগা চুক্তিপত্রে সই করেন। প্রাণের এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে।চুক্তি সই অনুষ্ঠানে এডিবির অবকাঠামো অর্থায়ন বিভাগ-১ (পিএসওডি)-এর পরিচালক মাইকেল ব্যারো বলেন, ২০০৪ সালের পর বাংলাদেশের বেসরকারি খাতে এটি এডিবির প্রথম বিনিয়োগ। এ দেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়ন ও বিকাশে এডিবির কার্যক্রমের অংশ হিসেবে এই ঋণ দেওয়া হলো।অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় তরল গ্লুকোজ, ফর্টিফাইড ফ্লাওয়ার মিল ও হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হবে। নরসিংদীর ডাঙ্গায় ফর্টিফাইড ফ্লাওয়ার মিল ও হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং হবিগঞ্জের উলিপুরে তরল গ্লুকোজ তৈরির কারখানা নির্মাণ করা হচ্ছে। এ বছরের মধ্যে হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা উৎপাদন শুরুর কাজ চলছে। এই তিন প্রকল্পে প্রায় দেড় হাজারের বেশি লোকের সরাসরি কর্মসংস্থান হবে এবং প্রায় ৫০ হাজার কৃষক উপকৃত হবেন।প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, আতিউর রসুল, কামরুজ্জামান কামাল, এডিবির মার্টিন লেমইন, অরুণ কুমার সাহা, এম এম জিল্লুর রহমান, গোবিন্দ বার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।