প্রাণের রপ্তানি আয় বেড়েছে ২৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণের পণ্য রপ্তানি আয় বাড়ছে। গত ২০১৫-১৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ১৮ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের বছরের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি।
২০১৩-১৪ অর্থবছরে প্রাণের রপ্তানি আয় ছিল প্রায় ১১ কোটি ৬০ লাখ ডলার। পরের বছর তা প্রায় ২৪ শতাংশ বেড়ে ১৪ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়। ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি আয় ৪ কোটি ডলার বেড়ে ১৮ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়। বাংলাদেশি মুদ্রায় প্রাণের রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪৩৫ কোটি টাকা (ডলারের বিনিময় মূল্য ৭৮ টাকা ধরে)।
জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, পণ্য নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার পর এখন একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে। তার সুফলই মিলছে।
সেই প্রাণই এখন দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। নিজস্ব ব্র্যান্ড নামে তারা প্রতিবেশী ভারত, মিয়ানমার থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে বাজার গড়ে তুলেছে। বিশ্বের ১৩০টি দেশে যাচ্ছে প্রাণের পণ্য।
প্রাণের পণ্যের সবচেয়ে বড় বাজার ভারত। তবে ভারতের বাজারের আকারের তুলনায় প্রাণের রপ্তানি আয় প্রত্যাশার চেয়ে কম বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি বলেন, ‘বাজার সম্প্রসারণে ভারতে আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি।’
ভারতের পরে প্রাণের পণ্য বেশি যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। একক দেশ হিসেবে সেখানে সৌদি আরব বড় বাজার। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় ও অন্যান্য দেশের প্রবাসীরা প্রাণপণ্যের ক্রেতা। তবে এখন ওই সব দেশের নাগরিকেরাও প্রাণের পণ্য কিনছেন বলে দাবি করেন কামরুজ্জামান।