প্রাতিষ্ঠানিক কর হ্রাসের দাবি
প্রাতিষ্ঠানিক কর কমানোর সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা। এ ছাড়া ব্যক্তিশ্রেণীর করদাতার করমুক্ত সীমা বৃদ্ধি, আমদানি পণ্যের ওপর শুল্ক হ্রাস এবং কর অবকাশ সুবিধার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেছে এই ব্যবসায়ী সংগঠনটি।গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় এসব সুপারিশ করা হয়। এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম, ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, সহসভাপতি নাসির হোসেন, পরিচালক হোসেন এ শিকদার প্রমুখ। এ ছাড়া এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ডিসিসিআইয়ের নেতারা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মুনাফার ওপর করের হার ২০ শতাংশ, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ১০ শতাংশে সীমাবদ্ধ রাখা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার ৪০ শতাংশ করার প্রস্তাব করেছেন।আমদানি শুল্ক সম্পর্কে ডিসিসিআইয়ের প্রস্তাবে বলা হয়েছে, স্থানীয় শিল্পকে সুরক্ষা ও সংরক্ষণের জন্য সব ধরনের মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক হার শূন্য, মৌলিক উপকরণ ও কাঁচামালের শুল্ক হার ৩ শতাংশ, মধ্যবর্তী কাঁচামালের শুল্ক হার ১২ শতাংশ এবং তৈরি পণ্যের শুল্ক হার ২৫ শতাংশ করা প্রয়োজন। এ ছাড়া ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের সুপারিশও করা হয়েছে।করমুক্ত আয়সীমা সম্পর্কে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে করমুক্ত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন। তাই ২০১১-১২ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতার করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ২৫ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ থেকে অর্জিত আয়ের ওপর কর হার বর্তমানে ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছে। আর ব্যক্তিশ্রেণীর করদাতার ক্ষেত্রে লভ্যাংশের ওপর ১০ শতাংশ হারে উৎসে কর্তিত কর চূড়ান্ত দায় হিসেবে বিবেচনা করার প্রস্তাবও রয়েছে।