প্রাতিষ্ঠানিক করহার পরিবর্তন হবে

বিদ্যমান করপোরেট বা প্রাতিষ্ঠানিক করের হার যথোপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে এবার এই করের হারে পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। অর্থমন্ত্রীর ভাষায়, ‘এটা এবার পরিবর্তন হবেই।’
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন পরিচালনা পর্ষদ গতকাল সোমবার সচিবালয়ে দেখা করতে এলে অর্থমন্ত্রী তাদের এ কথা বলেন।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণার আগে অর্থমন্ত্রী অনেকবারই বিদ্যমান করপোরেট করের হারকে যথোপযুক্ত নয় বলে মন্তব্য করেছিলেন। এ ক্ষেত্রে কিছু করতে না পারায় দু-তিনটি অনুষ্ঠানে দুঃখ প্রকাশও করেন তিনি।
বিদ্যমান করপোরেট করের হার হলো: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৭ দশমিক ৫ শতাংশ; অতালিকাভুক্ত কোম্পানির ৩৭ দশমিক ৫ শতাংশ; ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ৪২ দশমিক ৫ শতাংশ; মার্চেন্ট ব্যাংক ৩৭ দশমিক ৫ শতাংশ; সিগারেট কোম্পানি ৪৫ শতাংশ; মোবাইল ফোন অপারেটর কোম্পানির ৪৫ শতাংশ এবং তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানির ৪০ শতাংশ।
ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের নেতৃত্বে আসা প্রতিনিধিদলে দুই সহসভাপতি ওসামা তাসির ও খন্দকার শহিদুল ইসলাম, সদ্য বিদায়ী সভাপতি সবুর খান প্রমুখ ছিলেন।
ঢাকা চেম্বারের সভাপতি বলেন, নতুন ব্যবসা স্থাপন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের প্রধান বাধা ব্যাংকঋণে উচ্চ সুদের হার। সরকার রাজস্ব আয়ের একটি অংশ এবং সরকারি সঞ্চয়গুলো কম সুদে ব্যাংকগুলোতে রাখলে ব্যাংকগুলো তা গ্রাহকদের কম সুদে ঋণ দিতে পারবে। এতে ব্যাংক সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনা সম্ভব।
ঢাকা চেম্বার বলেছে, সুদের হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ থাকা উচিত। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকের আমানতের সুদ ও ঋণের সুদের হারের পার্থক্য (স্প্রেড) ৩ শতাংশে নামিয়ে আনতেও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সুদের হার বেশি থাকাটা আমাদের চরিত্রে এসে গেছে। সুদের হার পরিবর্তনের জন্য অন্য ধরনের চিন্তা করা উচিত, আমাদের চেষ্টা করা উচিত। ৩০ বছর আগেও এটা নিয়ে আমি কথা বলেছি। কোনো দিনই এটা কমেনি। সমস্যা হলো, আমাদের মুনাফা অর্জনের প্রত্যাশা অনেক বেশি।’
দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে মংলা ও পায়রা বন্দর যথার্থভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছে ঢাকা চেম্বার। বলেছে, শুধু ঢাকা-চট্টগ্রাম চার লেন রাস্তা নির্মাণ করলে হবে না। পাশাপাশি ‘স্বতন্ত্র রপ্তানি এক্সপ্রেসওয়ে’ও নির্মাণ করতে হবে।
এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেন হওয়ার ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা নেই। সমস্যা ঠিকাদারদের নিয়ে। তিনি জানান, ঢাকার জিরো পয়েন্ট (নূর হোসেন চত্বর) থেকে মাওয়া পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মিত হবে। এতে ১৫ কোটি ডলার ব্যয় হবে। তবে সরকার ব্যয় করবে ১০ কোটি ডলার। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারি) কার্যালয় শিগগিরই কিছু জানাবে।
ঢাকা চেম্বারের নেতারা বলেন, ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ করার সুযোগ করে দিলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। তবে করের হার বাড়ানোর মাধ্যমে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করলে ব্যবসাপ্রতিষ্ঠান যেমন সম্প্রসারিত হতে পারবে না, তেমনি রাজস্ব আয়ও বাড়বে না। সে জন্যই করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর মাধ্যমে কর প্রদানকারীর সংখ্যা বাড়াতে হবে।
বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, জ্বালানির বহুমুখীকরণ, রেল, সড়ক, নৌপথ ও স্থলপথের উন্নয়ন, নৌ ও বিমানবন্দরগুলোর সম্প্রসারণ ও উন্নয়নে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সংগঠনটি বলছে, এতে দেশে বিনিয়োগ ও প্রবৃদ্ধি দুটিই বাড়বে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার তাগিদ দিয়ে ঢাকা চেম্বার বলেছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চল স্থাপনের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রান্তিক এলাকায় কৃষিনির্ভর এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পাঞ্চল স্থাপন, বিদ্যমান ইপিজেডগুলোতে শিল্পায়নের সুযোগের পূর্ণ সদ্ব্যবহারে সহায়তা ও উৎসাহ দেওয়াও জরুরি বলে মনে করে ঢাকা চেম্বার।