প্রাতিষ্ঠানিক করহার হ্রাস চায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে আর্থিক খাতের কোম্পানির প্রাতিষ্ঠানিক কর কমানো এবং বিনিয়োগকারীদের নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ আয়কে করমুক্ত করার সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।গতকাল ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এসব সুপারিশ গ্রহণ করা হয়। সভা শেষে ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শুভ্রকান্তি চৌধুরী এসব সুপারিশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।ডিএসই বলছে, ‘আগামী বাজেটে সরকারের কাছ থেকে আমরা কিছু নীতিসহায়তা চাই। এ জন্য কিছু কিছু ক্ষেত্রে কর কমানোর সুপারিশ করা হয়েছে। তবে এই কর কমানোর কারণে পুঁজিবাজার থেকে সরকারের রাজস্ব আয় কমে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।’ডিএসইর মতে, যদি পুঁজিবাজার স্থিতিশীল থাকে এবং বাজারে লেনদেন বাড়ে, তাহলে কিছু ক্ষেত্রে কর কমিয়েও সরকার বাজার থেকে সামগ্রিকভাবে অধিক পরিমাণ কর আদায় করতে পারবে।বাজেট সামনে রেখে ডিএসই ব্যাংক, বিমা ও ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানির প্রাতিষ্ঠানিক করের (করপোরেট ট্যাক্স) হার কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে। একই সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির প্রাতিষ্ঠানিক করহারের মধ্যে ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্ট রাখার কথা বলেছে ডিএসই।ডিএসই বলছে, আর্থিক খাতের কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক করের হার কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করা হলে, এসব খাতের যেসব কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত তাদের হার সাড়ে ৩২ শতাংশ করতে হবে।বিনিয়োগকারীরা তালিকাভুক্ত বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করে বছরের শেষে যে লভ্যাংশ আয় করেন, তার মধ্যে ২৫ হাজার টাকা পর্যন্ত আয়কে পুরোপুরি করমুক্ত রাখার সুপারিশ করেছে ডিএসই। আর ক্ষুদ্র বিনিয়োগকে উৎসাহিত করতে কর রেয়াতের সুবিধা চেয়েছে সংস্থাটি। সংস্থাটির পক্ষে শুভ্রকান্তি চৌধুরী বলেন, ‘যেসব বিনিয়োগকারীর বার্ষিক আয় ১০ লাখ টাকা পর্যন্ত, তাঁদের আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত করেছি। বছরের ১০ লাখ টাকা পর্যন্ত আয় রয়েছে এমন কেউ যদি বাজারে নতুন করে বিনিয়োগ করেন, তাহলে তাঁর বিনিয়োগকৃত টাকার ওপর ৫০ শতাংশ কর রেয়াত-সুবিধা দেওয়ার প্রস্তাব করছি।’এ ছাড়া প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ কোটি টাকার বেশি সংগ্রহ করবে, এমন কোম্পানির বেলায় আইপিওর খরচ ও আবেদনকারীদের ঝামেলা কমাতে ডিপি (ডিপোজিটরি পার্টিসিপেন্ট) নেটওয়ার্ক-সুবিধা ব্যবহারেরও সুপারিশ করেছে ডিএসই। ডিএসই বলছে, এই সুপারিশ বাস্তবায়ন করা হলে আইপিওতে আবেদনকারীরা ব্রোকারেজ হাউসের মাধ্যমেও তাঁদের আবেদন জমা দিতে পারবেন।জানা যায়, ডিএসইর এসব সুপারিশ শিগগিরই আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দেওয়া হবে।