আইসিসি বাংলাদেশের ২২তম বার্ষিক সাধারণ সভা
প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও বিনিয়োগ স্থবিরতা বড় চ্যালেঞ্জ

বেসরকারি বিনিয়োগে স্থবিরতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতায় দুর্বলতা এখন বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পথে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ২২তম বার্ষিক সাধারণ সভায় নির্বাহী পর্ষদের প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলেন। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করা দরকার। কিন্তু প্রবৃদ্ধি অর্জনের এ পথে বাংলাদেশ ভয়ানক চ্যালেঞ্জের সম্মুখীন। চ্যালেঞ্জগুলো হচ্ছে—বেসরকারি বিনিয়োগে স্থবির ও উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতার দুর্বলতা।’
মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলেÿপ্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি দারিদ্র্য ও আয়ের অসমতা কমাতে হবে। এ জন্য বার্ষিক বিনিয়োগ ২০২০ অর্থবছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৪ দশমিক ৪ শতাংশে উন্নীত করতে হবে; যা ২০১৫ অর্থবছরে ছিল জিডিপির ২৯ শতাংশ।
সভায় উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের দুই সহসভাপতি লতিফুর রহমান ও রোকিয়া আফজাল রহমান, নির্বাহী সদস্য আফতাব-উল ইসলাম, আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, মীর নাসির হোসেন ও আর মাকসুদ খান।
এ ছাড়া সভায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহসভাপতি গোলাম মইনুদ্দীন; আইসিসিবির সদস্য ফ্রানকয়েস ডি মেরিকোর্ট, মো. খলিলুর রহমান, মো. হাশেম চৌধুরী, চৌধুরী মোশতাক আহমেদ, সৈয়দ মইনুদ্দীন আহমেদ, সৈয়দ শাহরিয়ার আহসান; খাজা মনজের নাদিম, রিজওয়ান-উর–রহমান, মো. শাজাহান খান. সন্দীপ গুজরাল, বশিরুন নবী খান, সৈয়দ ওয়াসেক মো. আলী ও মো. আবদুল জব্বার, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ. রুমী আলী ও শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ উপস্থিত ছিলেন।
আইসিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সংগঠনের নির্বাহী পর্ষদের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি আরও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন বলে উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে—রেমিট্যান্স বা প্রবাসী আয় কমে যাওয়া ও অভ্যন্তরীণ ক্ষেত্রে খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়া, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্ব রাজনীতিতে বিদ্যমান অস্থিরতা এবং ইউরোপীয় অর্থনীতির ঝামেলা। এসব বাংলাদেশের অর্থনীতিতে আশঙ্কার সৃষ্টি করেছে। এ ছাড়া ইউরোপের ঋণ সমস্যা ও মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার অবমূল্যায়ন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনীতিতে পুনরুদ্ধারে শ্লথগতি চলতি ২০১৭ সালে বাংলাদেশের রপ্তানি ব্যাহত হওয়াসহ অর্থনীতিকে বেকায়দায় ফেলে দিতে পারে।