প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্বশীল হওয়ার অনুরোধ এসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বিনিয়োগকারীদের মতো আচরণ না করে শেয়ারবাজারের স্বার্থে দায়িত্বশীল আচরণ করার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার এসইসির সভাকক্ষে এক ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।সাইফুর রহমান বলেন, দুই দিন ধরে বাজারে নিম্নমুখী প্রবণতা রয়েছে, যা কমিশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাজার পরিস্থিতির উন্নয়নের জন্য কমিশন সরকারের ঊর্ধ্বতন মহলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছে। বাজারের অভিভাবক হিসেবে একটি স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কমিশন সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে সক্রিয় করার লক্ষ্যে কমিশন ১৬ নভেম্বর বেলা ১১টায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠক করবে। ওই বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বাজারের জন্য করণীয় বিষয় কমিশনের পক্ষ থেকে তুলে ধরা হবে।সাইফুর রহমান আরও বলেন, বাজার স্থিতিশীল করতে ব্যাংক, ব্রোকার ডিলারসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় ভূমিকার রাখার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু ব্যাংক বিনিয়োগে সক্রিয় রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ফোর্সড সেল যাতে না হয়, সে জন্য হাউসগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল এসইসির চেয়ারম্যান মো. খায়রুল হোসেনের সঙ্গে দেখা করে শেয়ারবাজারে লেনদেন বন্ধসহ বেশ কিছু দাবি-দাওয়া জানায়। এ প্রসঙ্গে সাইফুর রহমান জানান, বিনিয়োগকারীদের বক্তব্য কমিশন শুনেছে। তাঁদের দাবি-দাওয়া কমিশন বিবেচনা করবে