প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় দরপতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে অব্যাহতভাবে দরপতন চলছে। এই দরপতনে গত বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়। ওই দিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) পক্ষ থেকে মার্জিন ঋণ সংক্রান্ত দুটি বিধি শিথিল করা হয়। এর ফলে বৃহস্পতিবার বাজারে তেজি ভাব দেখা যায়। কিন্তু রোববার থেকে আবারও দরপতনের ধারায় ফিরে যায় বাজার। মূলত ঈদুল আজহার ছুটির পর থেকে বাজারে দরতপন শুরু হয়। এর মধ্যে দু-একদিন ছাড়া বাকি দিনগুলোতে দরপতন অব্যাহত ছিল।অব্যাহত এই দরপতনের পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের মূল শক্তি। তবে সাম্প্রতিক সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ‘ডে ট্রেডার’ বা লেনদেনকারীর ভূমিকায় রয়েছে। এই বিষয়টিই দরপতন তরান্বিত করছে। ডিএসই সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটির পর ৩০ অক্টোবর ডিএসইর সাধারণ মূল্যসূচকের অবস্থান ছিল ৪ হাজার ৫৫২ পয়েন্টে। আর গত বুধবার ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়ায় ৩ হাজার ৯৯১ পয়েন্টে। এ হিসেবে আগের ২১ কর্মদিবসে সূচক কমে ৫৬১ পয়েন্ট। এই ২১ কর্মদিবসের মধ্যে মাত্র চার কর্মদিবস সূচক বেড়েছিল। বাকি ১৭ দিনই দরপতনের কারণে সূচক পতন হয়। এছাড়া গত দু’দিনই দরপতন হয় বাজারে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ও বর্তমান ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, বেশ কয়েকটি কারণে বাজারে দরপতনের ঘটনা ঘটছে। এর মধ্যে অন্যতম হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বিমূখ আচরণ। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বর্তমানে সাধারণ বিনিয়োগকারীর মতো ‘ডে ট্রেডারের’ ভূমিকায় রয়েছে। এটা কোনোভাবেই তাদের আচরণ হতে পারে না। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবশ্যই পরিশীলিত আচরণ করতে হবে, অন্যথায় বাজার ধরে রাখা সম্ভব হবে না।সিএসইর এই নেতা আরও বলেন, সম্প্রতি বেশ কয়েকটি কোম্পানি তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। এরই মধ্যে কয়েকটি কোম্পনির চাঁদা গ্রহণ সম্পন্ন হয়েছে। এখনো একটি কোম্পানির চাঁদা গ্রহণ চলছে। এ অবস্থায় বাজারে খারাপ অবস্থা দেখে অনেক বিনিয়োগকারী আইপিওর দিকে ঝুঁকছেন। তাই বাজারে এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।এক ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অব্যাহত দরপতনে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম অনেক আকর্ষণীয় অবস্থানে নেমে এসেছে। এ অবস্থায় বাজারে ঠেক দিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার বিকল্প নেই। তবে ইদানীং রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও অন্য অধিকাংশ বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ডে ট্রেডারের মতো আচরণ করছে। বিষয়টি বাজারে দরপতন তরান্বিত করছে। যদিও আইসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রেতার ভূমিকায় আছে। তারপরও বাজার একটু বাড়লে আইসিবি ও বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছে। এর ফলে বাজারে আবারও নিম্নমুখী অবস্থা শুরু হচ্ছে।এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সম্প্রতি অধিক প্রিমিয়ামসহ একসঙ্গে বেশ কয়েকটি কোম্পানির আইপিওর অনুমোদন দিয়েছে এসইসি। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী ওইসব আইপিওর দিকে ঝুঁকছেন। এর ফলে বাজার থেকে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, যা বাজারে দরপতনের অন্যতম কারণ। তিনি আরও বলেন, বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কারসাজির মাধ্যমে দরপতনের ঘটনা ঘটাচ্ছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারের স্বার্থে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।এ দিকে দরপতনের পেছনে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব বন্ধের বিষয়টিকেও দায়ী করছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিনিয়োগকারী প্রথম আলো ডটকমকে বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে থাকা গ্রাহকদের পৃথক বেনিফিশিয়ারি ওনার্স বা বিও খোলার নির্দেশ দিয়েছে এসইসি। এ বিষয়টি বড় বড় অনেক বিনিয়োগকারীর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, অনেক সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বড় বিনিয়োগকারী রয়েছেন, যাঁরা নিজেদের নাম প্রকাশ হোক এটা চান না। পৃথক বিও হিসাব খুললে তাঁদের নাম বা পরিচয় প্রকাশ হয়ে যাবে এই আশঙ্কায় ওই সব বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেওয়ায় বাজারে দরপতন ত্বরান্বিত হচ্ছে।তবে ‘অমনিবাস বন্ধ হওয়ায় বাজারে দরপতন হচ্ছে’ বিষয়টির সঙ্গে একমত নন পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুসা। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় থাকায় বাজারে দরপতন তরান্বিত হচ্ছে। এ ছাড়া ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী অধিকাংশ ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস অনেক কমে গেছে। এ বিষয়টিও অব্যাহত দরপতনের আরেকটি কারণ বলে মনে করেন তিনি।ডিএসইর পরিচালক আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বাজারে দরপতন শুরু হলে এক শ্রেণীর লোক বিভিন্ন গুজব ছড়িয়ে বাজারকে আরও প্রভাবিত করার চেষ্টা করে। এ অবস্থায় আস্থার সংকট দেখা দেয়। যার ফলে দরপতন আরও ত্বরান্বিত হয়। তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকে করপোরেট আরনিং অনেক কমে যাওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাছাড়া জ্বালানি ও বিদ্যুত্খাতের কয়েকটি কোম্পানি সম্প্রতি লভ্যাংশ ঘোষণা করলেও তাতে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়া বাজারে দরপতন তরান্বিত হয় বলেও মনে করেন ডিএসইর এই নেতা।