প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীরা। অন্যথায় বাজারে আরও বড় ধরনের ধসের আশঙ্কা করছেন তাঁরা। আর বাজারের বর্তমান এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হবে। ব্রোকারেজ হাউসগুলোও চরম সমস্যায় পড়বে। বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এ অভিমত ব্যক্ত করেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ডিসেম্বর-জানুয়ারিতে ভয়াবহ ধসের পর বিনিয়োগকারীদের মধ্যে চরম আস্থার সংকট তৈরি করে। বাজারে তারল্যসংকট দেখা দেয়। গত বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগে বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়লেও বেশ কিছুদিন ধরে অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আস্থার সংকট সৃষ্টি হয়েছে। অপরদিকে ঈদের পরও দরপতন অব্যাহত থাকায় বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতিও অনেক কমে গেছে। আর এ অবস্থায় করণীয় ঠিক করতে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে এসেছে। ডিএসইর বোর্ড মিটিংয়ে সুপারিশগুলো নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।ফয়সাল আহমেদ নামের এক বিনিয়োগকারী জানান, গত ১৫ দিনে তাঁর পোর্টফোলিওতে ২৫ থেকে ৩০ শতাংশ টাকা কমে গেছে। বাজারের এ অবস্থা চলতে থাকলে তাঁকে খুবই সমস্যায় পড়তে হবে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে বলে মত দিয়েছেন তিনি।আবদুর রাজ্জাক, কায়েস ও শাহিনুর রহমান জানান, সরকারের ঘোষণা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ যথাযথভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করা হলে বাজার ভালো হবে বলে। তবে যেকোনো মূল্যে বাজার ভালো করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তাঁরা। তাঁরা আরও জানান, অব্যাহত দরপতনের তাঁদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিয়ো অবস্থা খুবই খারাপ। এ অবস্থা চলতে থাকলে তাঁদের বাজার থেকে চলে যাওয়া ছাড়া অন্য উপায় থাকবে না।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ডিএসই গতকাল যে পদক্ষেপ নিয়েছে, তা খুবই ভালো। তবে এর যথাযথ প্রয়োগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের মহাব্যবস্থাপক জিকরুল হক বলেন, ঈদের পর থেকে তাঁদের হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে হাউস চালাতে হিমশিম খেতে হবে তাঁদের।আরেক ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শুধু বৈঠক করলেই হবে না। সেখান থেকে ইতিবাচক কিছু আসতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় তহবিল গঠনের মাধ্যমে আরও বেশি বাজারে সক্রিয় হতে হবে। এ ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ ঘোষণা আসতে হবে।এ ব্যাপারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের সঙ্গে ডিএসই বৈঠক করেছে। বৈঠকের সুপারিশ অনুযায়ী ডিএসই জরুরি বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় রয়েছে। এ মুহূর্তে তাঁদের উচিত নিজস্ব পোর্টফোলিয়ো বৃদ্ধি করা।মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, গতকাল ডিএসইর সঙ্গে শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের মধ্যে আলোচিত প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। ডিএসইর বোর্ড মিটিংয়ের এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নিলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি।মার্চেন্ট ব্যাংকগুলো সক্রিয় থাকার ব্যাপারে আবদুল আওয়াল বলেন, সবারই জবাবদিহিতা রয়েছে। এ ক্ষেত্রে সিঙ্গেল পার্টি এক্সপোজার সমন্বয়ের সময়সীমা বাড়ানো হলে এই ব্যাংকগুলোর জন্য ইতিবাচক হবে।