প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নির্লিপ্ততাকে দায়ী করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতন ও ধস রোধে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যথাযথ দায়িত্ব পালন করেনি। চাহিদা-সরবরাহের সমন্বয় ঘটিয়ে তারা বিভিন্ন সময় বাজার স্থিতিশীল রাখতে যে চেষ্টা করে থাকে, এবার সে চেষ্টা দেখা যায়নি। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের উচিত হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করে একটা উপায় বের করা। তা না হলে বাজারের প্রতি আস্থা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা ফিরে পাওয়া কঠিন হবে। তাই আস্থা ধরে রাখাটাই এখন জরুরি। সর্বোপরি, সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের যুক্তিযুক্তভাবে আশ্বস্ত করতে হবে যে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভালো শেয়ার কম দামে বিক্রি করারও দরকার নেই। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘পুঁজিবাজার: ইন সার্চ অব স্ট্যাবিলিটি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, এসইসির আরেক সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী ও সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম। ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবু কাওসার।মির্জ্জা আজিজ বলেন, ‘বাজারে মূল্যসূচকের হেরফের বা শেয়ারের মূল্য বাড়া-কমা নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। বিশ্বজুড়েই এই রীতি। কিন্তু আমাদের বাজারে চাহিদার অনুপাতে সরবরাহটা বাড়েনি। তাই এটা একটা সংকট তৈরি করেছে।’ মির্জ্জা আজিজ আরও বলেন, এসইসির মধ্যে সূচক ধরে রাখার একটা চেষ্টা দেখা গেছে। অর্থাৎ বাজারের স্বার্থেই এসইসি যে সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে পরে সরে এসেছে, যা উচিত হয়নি। বাজারে সাম্প্রতিক দরপতনের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্ব পালনে ব্যর্থতাকেও দায়ী করেন মির্জ্জা আজিজ। তিনি বলেন, সাধারণত ভাবা হয়, এ ধরনের ঘটনায় চাহিদা-সরবরাহের সমন্বয় ঘটিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভূমিকা রাখবে। কিন্তু এবার তা তারা করেনি। বাজারের এ অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখারও পরামর্শ দেন তিনি। মির্জ্জা আজিজ বলেন, যদিও বর্তমান বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ খুবই কম, তবুও খতিয়ে দেখতে হবে। কারণ, ’৯৬ সালে তাদের শেয়ার ছেড়ে দেওয়ার পর থেকেই বাজারের পতন শুরু হয়েছিল। আর দরপতনে একক কোনো কারণ নেই বলে মনে করেন মির্জ্জা আজিজ। তাঁর মতে, তারল্য-সংকটের কথা ঠিক নয়। বাংলাদেশ ব্যাংক রেপো নিলামে অনেক টাকাই দিয়েছে। একসঙ্গে অনেকগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আসাকে বাজার পতনের সঙ্গে মেলানোকেও সমর্থন করেননি তিনি। ভালো মৌলভিত্তির কোনো শেয়ারে বিনিয়োগ থাকলে, তা ধরে রাখার পরামর্শ দিয়ে বিনিয়োগকারীদের উদ্দেশে মির্জ্জা আজিজ বলেন, ‘বিনিয়োগযোগ্য সব সম্পদ পুঁজিবাজারে ঢালবেন না। একটা অংশ সঞ্চয়পত্র বা বন্ডের মতো নিরাপদ ক্ষেত্রেও বিনিয়োগ করুন।’ মির্জ্জা আজিজ আরও বলেন, বাজারে ঋণের ওপর ঋণ চলছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থ জমা দেওয়া হচ্ছে মার্চেন্ট ব্যাংকে। সেই অর্থও ঋণ দেওয়া হচ্ছে। আর আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ঋণই দিচ্ছে না, নিজেরাও বিনিয়োগ করেছে। এভাবেই বিরাট ঝুঁকি তৈরি হয়েছে। মির্জ্জা আজিজ সতর্ক করে দিয়ে বলেন, ব্যাংক খাতে বিশ্বজুড়েই নৈতিক ঝক্কির একটা ব্যাপার থাকে। তাই বিশ্বমন্দার সময় দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকারগুলো নানাভাবে সমর্থন দিয়ে বিরূপ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুঁজিবাজারে কিন্তু সেই সুযোগ নেই।এক প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, প্রকৃত খাতের বাইরে ১০ শতাংশ বিনিয়োগের সুযোগ না থাকলেও কিছু ব্যাংক তা লঙ্ঘন করেছে। এ জন্য তাদের শাস্তি পাওয়া উচিত। ব্যাংকগুলোর মূল কাজ প্রকৃত খাতে বিনিয়োগ করা হলেও অনেক ক্ষেত্রেই তা থেকে তারা দূরে সরে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তদারক কার্যক্রম তৎপর থাকলে তা সম্ভব হতো না। আলোচনায় অংশ নিয়ে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, সরকারকে আশ্বস্ত করতে হবে যে, ’৯৬ সাল হওয়ার কোনো কারণ নেই এবং বিনিয়োগকারীদের বুঝতে দিতে হবে যে, যাঁরা ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ারে বিনিয়োগ করেছেন, এখন মূল্য কমে গেলেও ভবিষ্যতে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন না।ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, পুঁজিবাজার কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে—এমন ভুল বার্তা ছড়ানো হয়েছে বাজারে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জায়গা কখনোই পুঁজিবাজার হতে পারে না। শাকিল রিজভী বলেন, বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ, সংশোধন হওয়ার পর পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে। উত্থান-পতন যদি আবারও আসে, সেই অবস্থাও বিনিয়োগকারীদের মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। শাকিল রিজভী আরও বলেন, যাদের অলস টাকা আছে, তাদেরই পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত, অন্যদের নয়। সাইফুল ইসলাম বলেন, ‘বাজারের সাম্প্রতিক প্রবণতায় মার্চেন্ট ব্যাংকগুলো কয়েক দিন ধরেই তাদের দায়িত্ব পালন করছে না। আজকেও (গতকাল) করেনি।’