ব্যবসা-বাণিজ্যে বিরোধ থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু বিরোধ নিষ্পত্তির জন্য সব সময় আদালতকে বেছে নেওয়া উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। আদালতে গেলেই নিষ্পত্তির ব্যাপারটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে পড়ে। এই যখন পরিস্থিতি, তখন ব্যবসা-বাণিজ্যের বিরোধ নিষ্পত্তিতে সালিসব্যবস্থা বা বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।গতকাল শনিবার বাংলাদেশ আন্তর্জাতিক সালিসকেন্দ্রের (বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার বা বিআইএসি) আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি ও বিআইএসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিআইএসির প্রধান নির্বাহী তৌফিক আলী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ভাইস প্রেসিডেন্ট নিহাদ কবীর, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহিম, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) পারমিতা দাশগুপ্ত প্রমুখ। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, পরিবর্তিত বিশ্ব অর্থনীতির যুগে আদালতের মাধ্যমে বাণিজ্যবিষয়ক বিরোধ নিষ্পত্তি অনেক সময় ও ব্যয়সাপেক্ষ। কারণ, একটি বিষয় আদালতে গেলেই একের পর এক চলতে থাকে আপিল, আপিল আর আপিল। এতে অনেকে হতাশও হয়ে পড়ে। তার চেয়ে সালিসব্যবস্থা হতে পারে কার্যকর সহজ সমাধান, যাতে উভয় পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়। দেরিতে হলেও বিআইএসির আনুষ্ঠানিক যাত্রাকে তাই তিনি স্বাগত জানান।মামলায় দীর্ঘসূত্রতা এড়াতে আইনের সংশোধন হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, নোটিশ জারি থেকে শুরু করে শুনানি অর্থাৎ ধাপে ধাপে অনেক সময় ব্যয় হয়। মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়। আগামী অধিবেশনেই সংশোধনের জন্য বিষয়টি সংসদে উপস্থাপিত হওয়ার সম্ভাবনার কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে নিষ্পত্তির জন্য আগে বিদেশে যেতে হতো। বিআইএসি কাজ শুরু করায় এখন দেশেই তা নিষ্পত্তি করার জায়গা তৈরি হলো। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য সংঘটিত হয় চুক্তির মাধ্যমে। কিন্তু চুক্তিই শেষ কথা নয়, বাণিজ্যিক সম্পর্ক অনেকাংশেই নির্ভরশীল বিশ্বাসের ওপর। চুক্তি লঙ্ঘন বা বিশ্বাস ভঙ্গের কারণ ঘটলেই দরকার পড়ে সালিসের। আর সালিস নিষ্পত্তির জন্য থাকা দরকার সালিসব্যবস্থার। বিশ্বের অনেক দেশেই তা রয়েছে। মসিউর রহমান আরও বলেন, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যখন দিন দিন বিস্তৃত হচ্ছে, তখন বিআইএসির মতো একটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা অবশ্যই একটি শুভ উদ্যোগ। আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, দেশের অর্থনীতি একটি বড় উত্তরণের মধ্য দিয়ে অতিক্রম করছে। কয়েক বছর ধরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছয় শতাংশের বেশি। মধ্য আয়ের দেশে পরিণত হতেও দেশটি সক্ষম। যদিও এতে ব্যক্তি খাতের ভূমিকা উল্লেখযোগ্য। মাহবুবুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ছে। অথচ গত কয়েক দশক আগেও মৌখিক চুক্তির মাধ্যমেই তা সম্পন্ন হতো। বর্তমানে সে বাস্তবতা নেই। আর, ব্যবসা-বাণিজ্য বাড়ছে মানে সামনে বিরোধও বাড়বে। বিরোধ নিষ্পত্তির জন্য যতটা কম আদালতের দ্বারস্থ হওয়া যায়, ততই তা বাণিজ্য-সহায়ক। সেই বিবেচনা থেকেই বিআইএসি গঠন। দেশে এ রকম একটি আন্তর্জাতিকমানের বাণিজ্য বিরোধ নিষ্পত্তি কেন্দ্র থাকলে তা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন তিনি।বিআইএসির প্রধান নির্বাহী তৌফিক আলী বলেন, বিআইএসি দেশে একটি নতুন প্রতিষ্ঠান। আদালতের বাইরে প্রাতিষ্ঠানিকভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সালিসি আইন-২০০১ (আরবিট্রেশন অ্যাক্ট)-এর আওতায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এটি গঠন করা হয়েছে। আইসিসিবি ৫০ শতাংশ এবং এমসিসিআই ও ডিসিসিআই ২৫ শতাংশ করে এর তহবিল সংস্থান করবে। তৌফিক আলী বলেন, বাংলাদেশের বাস্তবতায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এডিআর। তবে দেশে কী কী ধরনের বিরোধ হয়ে থাকে, সেগুলোর ওপর জরিপ ও গবেষণাও করবে প্রতিষ্ঠানটি। সরাসরি সালিসিব্যবস্থা আয়োজনের পাশাপাশি বিএআইসি নিজস্ব উদ্যোগে যারা সালিস করতে চায়, তাদেরও সহায়তা দেবে বলে উল্লেখ করেন তিনি। এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নিহাদ কবীর বলেন, বাংলাদেশে সালিসব্যবস্থা নতুন কিছু নয়। এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে। সংগত কারণেই বিরোধ নিষ্পত্তি করতে হবে—এমন অনেক ঘটনাই আসবে আগামী দিনে। বিআইএসি এই নিষ্পত্তিতে যথাযথ ভূমিকা পালন করবে। পাট খাতের একটি বিষয় আর্থিক খাতের প্রথম বিরোধ নিষ্পত্তি বলে তিনি উল্লেখ করেন।বক্তারা বলেন, ২০০৪ সালে প্রথম এই প্রতিষ্ঠান গঠন করার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সাত বছর ধরে কাজ করার পর অবশেষে এই কেন্দ্রটি সক্রিয় হলো। তিন বছরের জন্য ১৫ লাখ ডলারের কারিগরি সহায়তা এসেছে আইএফসির বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (আইএফসি-বিআইএফসি) কাছ থেকে। এই সময়কালের মধ্যে বিআইএসিকে নিজস্ব আয়ের সংস্থান করতে হবে।