প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা বাধ্যতামূলক করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা বাধ্যতামূলক করতে হবে। বর্তমানে যে পদ্ধতিতে এ নীতিমালা অনুসরণ করা হচ্ছে, তা থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর করপোরেট গভর্ন্যান্স অ্যান্ড ফিন্যান্স স্ট্যাডিজ (সিসিজিএফএস) আয়োজিত এক সেমিনারে গত মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে কেবল ব্যাখ্যা দিয়েই পার পেয়ে যায়। এ জন্য কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি। এ ধরনের দুর্বল আইন দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তা ছাড়া কোম্পানি সুশাসন নিশ্চিত করতে হিসাব নিরীক্ষার মান উন্নয়নের দিকটিও জরুরি। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সেন্টারের নির্বাহী পরিচালক অধ্যাপক ওসমান ইমাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মনসুর আলম। সেমিনারে ‘করপোরেট গভর্ন্যান্স প্র্যাক্টিস অ্যান্ড আর্নিংস ম্যানেজমেন্ট ইস্যুজ ইন ইন্দোনেশিয়া: লেসন ফর বাংলাদেশ’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এটি উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের রোজভেল্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তানভীর হাসান। সেমিনারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহেমদ খানসহ ফাইন্যান্স বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা আলোচনায় অংশ নেন।মনসুর আলম বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে নিরীক্ষা মান নিশ্চিত করা যাচ্ছে না। ওসমান ইমাম বলেন, নিরীক্ষা মান ভালো করতে হলে তাদের ফি বাড়ানোর বিষয়েও নজর দিতে হবে।