দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ সাল মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ৯৯ জন প্রার্থীর নাম ঠাঁই পেয়েছে।গত রোববার রাতে এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন আয়োজনের জন্য গঠিত বোর্ড। নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, এবার চেম্বার গ্রুপ থেকে একজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি হলেন চুয়াডাঙ্গা চেম্বারের হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তাঁকে ঋণখেলাপি বলে উল্লেখ করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।জানা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে ইতিপূর্বে চেম্বার গ্রুপের আরও দুই প্রার্থীকে প্রাথমিকভাবে ঋণখেলাপি বলা হয়েছিল। তবে রোববার বাংলাদেশ ব্যাংক এই দুই প্রার্থী ঋণখেলাপি নন বলে মত দেয়। এই দুই প্রার্থী হলেন ভৈরব ও কুষ্টিয়া চেম্বারের। এফবিসিসিআইয়ের পরিচালক পদের জন্য এবার ১০০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৪০ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সরকার মনোনীত পরিচালক পদে চেম্বার থেকে নয়জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক প্রার্থী তালিকার ওপর কারও কোনো আপত্তি থাকলে ওই প্রার্থী আপিল করতে পারবেন। আপিলের শুনানি শেষে ১১ নভেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।