প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এটি নমনীয় শর্তের ঋণ। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় এ অর্থ দেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই কোটি শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হবে।
গতকাল রোববার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। ইআরডির সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহাসেন জাট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিইডিপি-৩ এবং এর আগের কর্মসূচি বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার ৯৭ শতাংশের ওপরে এবং প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার হার ৭৯ শতাংশে উন্নীত করতে সহায়তা করেছে। এ ছাড়া শিক্ষাবর্ষের প্রথম মাসের মধ্যে পাঠ্যবই পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২০১০ সালের ৩২ শতাংশ থেকে ২০১৩ সালে ৯৩ শতাংশে উন্নীত হয়েছে।