প্রাথমিক শেয়ার ছাড়বে গ্লোবাল হেভি কেমিক্যালস
শেয়ারবাজারে আসতে যাচ্ছে ওষুধ ও রসায়ন খাতের নতুন আরেকটি কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস। কোম্পানিটি স্থির মূল্য (ফিক্সড প্রাইস) পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গতকাল বুধবারের সভায় কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি জানিয়েছে, কোম্পানিটি আইপিওতে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা অর্থ সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট ও এএফসি ক্যাপিটাল লিমিটেড। ২০১১ সালের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এসইসি জানিয়েছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে তিন টাকা ৭১ পয়সা।এ ছাড়া এসইসির সভায় স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টকে সতর্ক করা হয়। শিগগির কমিশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে সতর্ক পত্র দেওয়া হবে। তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের অধিকারমূলক বা রাইট শেয়ারের অবলেখন বা আন্ডাররাইটারের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় স্বদেশ ইনভেস্টমেন্টকে সতর্ক করা হয়।