প্রাথমিক শেয়ার ছাড়বে সামিট শিপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে সামিট শিপিং লিমিটেড (এসএসএল)। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ২০ দিনের মধ্যেই বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে শেয়ার ছাড়ার অনুমোদন চাইবে কোম্পানিটি।এসইসির অনুমোদন পেলে এটিই হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের প্রথম শিপিং কোম্পানি। এসএসএল শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছাড়বে। তবে প্রতিটি শেয়ারের প্রস্তাবিত মূল্য কত হবে, বুক বিল্ডিং পদ্ধতির নিয়মানুযায়ী তা দরপত্রের মাধ্যমে ঠিক করা হবে। এ পদ্ধতিতে চূড়ান্ত দরপত্রে যাওয়ার আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের ভিত্তিতে শেয়ারের নির্দেশক মূল্য (ইনডিকেটিভ প্রাইস) ঠিক করতে হয়। এরই অংশ হিসেবে ২০ জানুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে রোড শো বা প্রদর্শনীর আয়োজনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এসএসএল সূত্র জানায়, তাদের পক্ষ থেকে প্রতিটি শেয়ারের বিপরীতে ৭০ টাকা প্রিমিয়ামসহ (অভিহিত মূল্যের অতিরিক্ত) ৮০ টাকা নির্দেশক মূল্য প্রস্তাব করা হবে। তবে প্রকৃত নির্দেশক মূল্য কী হবে, তা নির্ধারিত হবে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রস্তাবিত মূল্যের গাণিতিক গড়ের ভিত্তিতে। এভাবে নির্ধারিত নির্দেশক মূল্যের ভিত্তিতেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চূড়ান্ত দরপত্র প্রস্তাবে অংশ নিতে হবে। এ সময় তারা নির্দেশক মূল্যের ২০ শতাংশ কম বা বেশি দরপ্রস্তাব করতে পারবে। তবে এর আগে নির্দেশক মূল্য এসইসি কর্তৃক অনুমোদিত হতে হবে।এসএসএলের বর্তমান পরিশোধিত মূল্য ৫০ কোটি টাকা। নতুন করে শেয়ার ছাড়ার পর এর পরিমাণ বেড়ে ৮০ কোটিতে গিয়ে ঠেকবে। কোম্পানিটি যদি প্রস্তাবিত নির্দেশক মূল্যেও শেয়ার বিক্রি করতে পারে, তাহলে বাজার থেকে ন্যূনতম ২৪০ কোটি টাকা সংগ্রহ করতে পারবে। কোম্পানি সূত্র জানায়, এর মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে। আর ঋণমুক্ত হলে কোম্পানিটির অতিরিক্ত মুনাফা যোগ হবে বছরে তিন কোটি টাকা। ১৮০ কোটি টাকা (শুল্ক, কর ও প্রাক-পরিচালন ব্যয়সহ) ব্যয় করা হবে দুটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য। এ জন্য জাপানভিত্তিক কাইয়ো করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। জাহাজ দুটি কেনার পর ৪০ হাজার টন অতিরিক্ত পরিবহন ক্ষমতা বাড়বে কোম্পানিটির। এতে তাদের সম্ভাব্য মুনাফা ২০ কোটি টাকা বাড়বে বলে কোম্পানি সূত্র জানায়। বর্তমানে এসএসএলের বহরে ছয়টি তেলবাহী জাহাজ রয়েছে। যেগুলোর বহনক্ষমতা এক হাজার ২০০ টন থেকে দুই হাজার ৫০০ টন পর্যন্ত। এ ছাড়া আইপিওর টাকা দিয়ে নারায়ণগঞ্জে একটি ট্যাংক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে দুই টাকা ১৪ পয়সা।ব্যাংককো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এসএসএলের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পেয়েছে।