প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ৪০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা ঋণ-সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর পাশাপাশি এই দাতা সংস্থা অনুদান হিসেবে ১৬০ কোটি টাকা দেবে। গতকাল বুধবার এ-সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ এবং এডিবির আবাসিক পরিচালক তেরেসা খো নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় উভয় পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় নারী ও শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। প্রকল্পটি ঢাকা (উত্তর), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, রংপুর, সিলেট ও কুমিল্লা সিটি করপোরেশনসহ গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও টঙ্গী পৌরসভায় ২০১২ সালের জুন থেকে ২০১৭ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। ১৬০ কোটি টাকার অনুদানের অর্থ দেবে সুইডিশ সাহায্য সংস্থা সিডা, যা এডিবির মাধ্যমে পরিচালিত হবে। আর ঋণের অর্থ পাওয়া যাবে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে।