প্রাথমিকভাবে কিছু সমস্যায় বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ওয়েব-ভিত্তিক লেনদেনব্যবস্থা ‘এমএসএ প্লাস সফটওয়্যার’ চালু হয়েছে। তবে এ ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বিনিয়োগকারীরা।একাধিক ব্রোকারেজ হাউস সূত্রে জানা যায়, ডিএসইতে নিয়মিত লেনদেনে অংশ নেওয়া ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ৩২টি হাউস এমএসএ প্লাস সফটওয়্যার চালু করেছে। এর মধ্যে অনেক হাউসে এখনো আই ট্রেডার নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে ওই সব হাউসের মাধ্যমে ইন্টারনেটে লেনদেন সারতে পারছেন না বিনিয়োগকারীরা। এ ছাড়া নতুন এই সফটওয়্যার ব্যবহার করতেও কিছু সমস্যায় পড়তে হচ্ছে বিনিয়োগকারীদের।কাজী ইক্যুইটিজ লিমিটেডের বিনিয়োগকারী মো. ইলিয়াস ও সাগর জানান, নতুন এই সফটওয়্যারে ফন্ট অনেক ছোট। তাই সামান্য দূর থেকে দেখতে সমস্যা হচ্ছে।একই হাউসের জ্যেষ্ঠ লেনদেন কর্মকর্তা রফিক প্রথম আলো ডটকমকে বলেন, প্রথম দু-এক দিনে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। ধীরে ধীরে এসব সমস্যা দূর হবে।আরেক হাউসের বিনিয়োগকারী কাজী ফয়জুল্লাহ জানান, ‘কম্পিউটারের ট্রিগারে দাম বৃদ্ধি বা দাম কমার যে চিহ্ন আছে, তা বোঝা যাচ্ছে না।’আরেক বিনিয়োগকারী বলেন, ‘কেনা ও বেচার আদেশ-সম্পর্কিত যে তথ্য কম্পিউটারে দেখা যায়, তা বুঝতেও কষ্ট হচ্ছে।’এ ব্যাপারে ডিএসইর পরিচালক আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজই এমএসএ প্লাস সফটওয়্যার চালু হলো। এটা একটি চলমান প্রক্রিয়া। প্রাথমিকভাবে কিছু সমস্যা হতে পারে। এটা স্বাভাবিক। পরে সময়ে এসব সমস্যা দূর করা হবে।উল্লেখ্য, আজ সকালে ডিএসইর মূল ভবনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সফটওয়্যারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।