প্রান্তিক ঋণ নীতিমালা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের পুনর্নির্দেশ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ৩০ সেপ্টেম্বর মার্জিন লোন বা প্রান্তিক ঋণের অনুপাত বিষয়ে যে নীতিমালা অনুমোদন করেছে, সেটির অনুসরণ ও পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক আবারও প্রজ্ঞাপন জারি করেছে।কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এ প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, এসইসি গত ৩০ সেপ্টেম্বর স্টক একচেঞ্জের সদস্যদের জন্য গ্রাহকের অনুকূলে প্রদানযোগ্য প্রান্তিক ঋণের সর্্বোচ্চ হার বা সীমা পুনর্নির্ধারণ করে। বাংলাদেশ ব্যাংক মার্চেন্ট ব্যাংকিং বা ব্রোকারেজ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানিগুলোকে গ্রাহকের অনুকূলে প্রদানযোগ্য প্রান্তিক ঋণসংক্রান্ত এসইসির ওই নির্দেশনা যথাযথভাবে পরিপালনের পরামর্শ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এর আগে গত ২ অক্টোবর আরেকটি প্রজ্ঞাপন জারি করে এবং তাতেও এসইসির অনুমোদিত নীতিমালা পরিপালনের নির্দেশ দেয়। খবর বাসসের।এসইসির নতুন নীতিমালা অনুযায়ী, আগামী ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত মার্জিন লোন বা প্রান্তিক ঋণের অনুপাত ১: ২-এ অপরিবর্তিত থাকবে। ২০১৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুপাতটি ১: ১.৫। আর ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত অনুপাত হবে ১: ১ এবং একই বছরের ১ জুলাই থেকে এই অনুপাত হবে ১: ০.৫।প্রসঙ্গত, দেশের পুঁজিবাজারে ২০১০ সালের ডিসেম্বরে ধস শুরুর পরের বছর ২৩ জানুয়ারি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে প্রান্তিক ঋণের বিষয়ে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়। সেটির আলোকে এসইসি ২০১১ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও স্টক ব্রোকারদের পক্ষ থেকে দুই স্টক এক্সচেঞ্জকে প্রান্তিক ঋণের নীতিমালা জমা দেওয়ার নির্দেশ দেয়।