পুঁজিবাজার সংস্কারে এডিবির আরেকটি শর্ত পূরণ
প্রান্তিক ঋণের হার তিন ধাপে কমাতে এসইসির সিদ্ধান্ত
পুঁজিবাজার সংস্কারে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নের অন্যতম শর্ত হিসেবে শেয়ারের বিপরীতে প্রদত্ত মার্জিন বা প্রান্তিক ঋণের হার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।তিন ধাপে এই ঋণের হার বা অনুপাত কমিয়ে আনার জন্য এসইসি সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করেছে। একই সঙ্গে কমিশন পুঁজিবাজারের উন্নয়নে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনাও চূড়ান্ত করেছে।গতকাল রোববার কমিশনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।প্রান্তিক ঋণ-সংক্রান্ত এসইসির রূপরেখায় বলা হয়েছে, ২০১৪ সালের ১ জুলাই থেকে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রান্তিক ঋণের অনুপাত ১: ০.৫-এ নামিয়ে আনতে হবে। অর্থাৎ ২০১৪ সালের ১ জুলাই থেকে কোনো বিনিয়োগকারী শেয়ারে ১০০ টাকা বিনিয়োগ করলে, এর বিপরীতে ৫০ টাকার বেশি আর ঋণ-সুবিধা পাবেন না। বর্তমানে বিনিয়োগকারীরা ১০০ টাকা বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত (১: ২ হারে) ঋণ-সুবিধা নিতে পারেন। ঋণের বর্তমান হারের এই সুবিধা আগামী বছরের (২০১৩ সাল) ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।এসইসি বলছে, প্রান্তিক ঋণের বর্তমান হারকে ধাপে ধাপে কমিয়ে আনা হবে। প্রথম ধাপে ২০১৩ সালের ১ জুলাই থেকে ঋণের অনুপাত নামিয়ে আনতে হবে ১: ১.৫-এ। ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১: ১.৫ অনুপাতে ঋণ-সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ ১০০ টাকা বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ১৫০ টাকা ঋণ মিলবে।এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে এই সীমা আরও এক ধাপ কমিয়ে ১: ১-এ নামিয়ে আনা হবে। অর্থাৎ ১০০ টাকা বিনিয়োগ করলে ১০০ টাকা পর্যন্ত ঋণ মিলবে। আর চূড়ান্তভাবে ২০১৪ সালের ১ জুলাই ঋণসীমা কমিয়ে ১: ০.৫-এ নামিয়ে আনা হবে। পুঁজিবাজারসহ আর্থিক খাতের উন্নয়নে আন্তর্জাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা দিচ্ছে। এই ঋণ পাওয়ার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেয় এডিবি। তার মধ্যে অন্যতম হলো শেয়ারবাজারের প্রান্তিক ঋণ-সুবিধা শূন্য দশমিক ৫ (০.৫)-এ নামিয়ে আনতে হবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসইসিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়। তারই অংশ হিসেবে গতকাল সেপ্টেম্বর মাসের শেষ দিনে এসইসি জরুরি সভা করে প্রান্তিক ঋণসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তবে কমিশন এক ধাপে না কমিয়ে কয়েক ধাপে এই সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।এডিবির অর্থায়নের জন্য বিভিন্ন শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে কাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি সভা অনুষ্ঠিত হবে।মহাপরিকল্পনা: পাশাপাশি কমিশনের জরুরি সভায় ১০ বছর মেয়াদি ‘পুঁজিবাজার মহাপরিকল্পনা’র চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ঘোষিত মহাপরিকল্পনার মধ্যে রয়েছে: কমিশনের সক্ষমতা, জনবল ও কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কমিশনের নিজস্ব অর্থে বাজেট প্রণয়নের ক্ষমতা, নিজস্ব সার্ভিল্যান্স-ব্যবস্থা প্রতিষ্ঠা, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য গাইডলাইন প্রণয়ন, পুঁজিবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্বতন্ত্র ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, আর্থিক প্রতিবেদন আইন বা ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা, ডেরিভেটিভ মার্কেট প্রতিষ্ঠা, শেয়ারবাজারের লেনদেন নিষ্পন্ন করতে স্বতন্ত্র নিকাশ (ক্লিয়ারি) করপোরেশন প্রতিষ্ঠা ও বন্ড বাজারের প্রসার।এসইসি জানিয়েছে, ২০২২ সালের মধ্যে ঘোষিত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে কমিশন ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। গত ২০ সেপ্টেম্বর অর্ডিন্যান্স ও আইন দুটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখন জাতীয় সংসদে পাস হলে সংশোধিত অর্ডিন্যান্স ও আইন দুটি কার্যকর হবে। সংশোধিত অর্ডিন্যান্স ও আইন দুটিতে এসইসির আর্থিক সক্ষমতা, জনবল বৃদ্ধি, ট্রাইব্যুনাল গঠনসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।