বেসরকারি খাতের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক তাদের প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহপ্রতিষ্ঠার পর ১০ বছরে ব্র্যাক ব্যাংককে বড় কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে?ব্র্যাকের উৎস হলো বেসরকারি সংস্থা ব্র্যাক ও স্যার ফজলে হোসেন আবেদ। এমন একটি শক্তিশালী ব্র্যান্ডের সাহচর্যে নিজেদের ব্র্যান্ডিং বা স্বকীয়তা প্রকাশ করাই ছিল ব্র্যাক ব্যাংকের বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি। ১০ বছরে ব্র্যাক ব্যাংক স্বকীয়তায় দাঁড়িয়েছে। দেশের নবীনতম ব্যাংক হয়েও গত ১০ বছরে অন্যতম বড় ব্যাংকে পরিণত হয়েছে।আপনাদের এই সাফল্যের পেছনে কী কী কাজ করেছে?আমরাই প্রথম এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) পণ্য নিয়ে এসেছি। মানুষ ভেবেছে এসএমইর মতো আর্থিক পণ্যের সম্ভাবনা কতটা থাকবে। আমরা সেই অচলনায়তন ভাঙতে পেরেছি। আমরা মনে করি, এসএমই খাত গতিশীল হলে কর্মসংস্থান হবে। শিল্প খাতের ৭৫ শতাংশ কর্মসংস্থান হয় এসএমই উপখাত থেকে। আমরা শুধু সহায়তা দিই। এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক আট হাজার কোটি টাকা ঋণ দিয়েছে, যার মধ্যে শুধু এসএমই খাতে দেওয়া হয়েছে চার হাজার কোটি টাকা। আর এর মধ্যে প্রায় ৯২ শতাংশই জামানতবিহীন ঋণ। আমাদের প্রায় পৌনে চার লাখ এসএমই গ্রাহক রয়েছে। আর ১২ লাখের বেশি গ্রাহক রয়েছে।১০ বছর পর ব্র্যাক ব্যাংককে কোথায় দেখতে চান?আমরা ব্র্যাক ব্যাংককে একটি বিশ্বমানের ব্যাংকের পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা চাই, ব্র্যাক ব্যাংককে দিয়েই যেন সারা বিশ্ব বাংলাদেশকে চেনে। আর আমাদের উদ্দেশ্য হলো গ্রাহকেরা আমাদের কাছে আসবেন না, আমরাই গ্রাহকদের কাছে যাবে।ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলটা একটু ব্যাখ্যা করবেন। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দিতে চাই। শহরের আমানত গ্রামে বিতরণ করতে আমাদের ১৫১টি আউটলেট বা শাখা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী, যেকোনো ব্যাংকের ২০ শতাংশ শাখা গ্রামাঞ্চলে থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রায় ৪০ শতাংশ শাখাই গ্রামাঞ্চলে। শহর থেকে আমানত সংগ্রহ করে তা গ্রামে বিতরণ করা হয়।যেহেতু ব্র্যাক ব্যাংকের শেয়ারধারী রয়েছে, তাই লাভও করতে হবে। বছর শেষে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে হবে—এসব বিষয়ও আমাদের মাথায় থাকে। কোনো ধরনের ‘রক্তক্ষরণ’ হোক এটা আমরা চাই না। তাই আমরা পিপল, প্লানেট ও প্রফিট—এই ‘থ্রিপি’ মূল্যবোধ নিয়ে কাজ করি।ব্র্যাক ব্যাংকের নতুন কী পণ্য বাজারে আসছে?২১ জুলাই ‘বিকাশ’ নামে একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বাজারে নিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। এই মোবাইল ফোনের মাধ্যমে গ্রামের মানুষ যাতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। একটি মোবাইল ফোন সেটই গ্রাহকের একটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। এতে কোনো ব্র্যাক ব্যাংকের কোনো শাখায় যেতে হবে না। খরচ কমে যাবে, জটিলতা এড়ানো যাবে। এখন মাত্র ২০ শতাংশ মানুষ ব্যাংকিং সেবা পাচ্ছেন, অথচ সাত কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করছে।পরিবেশবান্ধব ব্যাংকিং নিয়ে ব্র্যাক ব্যাংকের অবস্থান কতটা জোরালো?পরিবেশবান্ধব বা গ্রিন ব্যাংকিং নিয়ে ব্র্যাক ব্যাংক কাজ করছে। ব্র্যাক ব্যাংকের অনেক শাখায় সৌরবিদ্যুতের মাধ্যমে জ্বালানি চাহিদা মেটানো হচ্ছে। দেশের সর্ববৃহৎ বায়োগ্যাস প্লান্ট নির্মাণের সঙ্গেও ব্র্যাক ব্যাংক সম্পৃক্ত হয়েছে। এ ছাড়া কুমিল্লার সমন্বিত কৃষি ও শক্তি উৎপাদন প্রকল্পের সঙ্গে ব্র্যাংক ব্যাংক সম্পৃক্ত রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যার সুফল পাচ্ছে প্রায় পাঁচ হাজার লোক। ব্যাংকের বিভিন্ন শাখায় নবায়নযোগ্য জ্বালানি ডেস্ক রয়েছে, যার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ সহায়তা দেওয়া হয়।সামাজিক দায়বদ্ধতায় ব্র্যাক ব্যাংক কী করে থাকে? ব্র্যাক ব্যাংক সাধারণত স্বাস্থ্য, শিক্ষা ও দেশীয় সংস্কৃতির বিকাশে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে অংশ নিয়ে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। এ ছাড়া তরুণ নেতৃত্ব গড়ে তুলতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করা হচ্ছে।দেশের শেয়ারবাজারে ব্যাংকিং খাতের সাম্প্রতিক ভূমিকা সম্পর্কে আপনার মতামত কী?ব্যাংকের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ‘ট্রেডার’-এর ভূমিকা পালন করেছে। এ মুহূর্তে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারলে শেয়ারবাজার অগ্রসর হবে। এ ছাড়া পুঁজিবাজারসংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। আসলে আমরা শেয়ারবাজারের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিলাম। ব্রোকারেজ হাউস, স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ, এসইসিসহ সবার দায়িত্ব রয়েছে বিনিয়োগকারীদের সচেতন করার। বাজার স্থিতিশীল করতে দায়িত্বশীলদের কম কথা বলা উচিত।