প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন দেশের বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নেতারা। নারীদের ক্ষমতায়নের সুযোগ করে দেওয়ার দাবিও জানান তাঁরা প্রাক–বাজেট আলোচনায়।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী কওমি মাদ্রাসাগুলোকে ‘ভয়ংকর বিপজ্জনক’ (টেরিবল ডেনজারাস) বলে মন্তব্য করেন। মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে বিভিন্ন এনজিওর উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, মাদ্রাসায় সরকারের ব্যয় অনেক কম। মাদ্রাসা শিক্ষায় যে ব্যয় সরকার করছে, তার পুরোটাই যাচ্ছে আলিয়া মাদ্রাসায়। কিন্তু দেশে ২৬ থেকে ২৮ হাজার কওমি মাদ্রাসা রয়েছে, সেগুলো সরকারের কোনো অর্থ নেয় না। তারা সরকারের সাহায্য নিতে অস্বীকার করেছে। তাদের বিষয়ে আমাদের কিছুই করার নেই। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রম দেখেছি। সেখানে তারা আধুনিক বিজ্ঞানশিক্ষাকে অন্তর্ভুক্ত করেছে। হাদিসের পাশাপাশি অঙ্ক, পদার্থবিদ্যাসহ আধুনিক বিষয়গুলো পড়ানো হয় সেখানে।’
মুক্ত আলোচনা: নিজেরা করি এনজিওর প্রধান নির্বাহী খুশী কবির বলেন, দেশে অনেক খাসজমি রয়েছে, যা বরাদ্দে নারীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, বাজেটের ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া প্রয়োজন।
আগামী বাজেটে নারীদের জন্য পৃথক ব্যাংক গঠনে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান গ্রিন ট্রাস্টের নির্বাহী পরিচালক এরোমা দত্ত। গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক আকলিমা খাতুন বলেন, শহরের বাইরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার জন্য বাজেটে বরাদ্দ প্রয়োজন।
স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্টের প্রতিনিধি রেখা সাহা বলেন, ‘আমাদের শিশুদের প্রগতিশীল মানসিকতায় গড়ে তুলতে হবে। কিন্তু দেশে মাদ্রাসা শিক্ষায় সরকার বড় ব্যয় করছে।’ সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ বলেন, বাজেট প্রণয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
সেন্টার ফর আরবান স্টাডিজের অনারারি চেয়ারম্যান নজরুল ইসলাম মাদ্রাসা শিক্ষা নিয়ে বলেন, সরকারের বড় আকারের অর্থ মাদ্রাসা শিক্ষায় যাচ্ছে। এটি দেখা প্রয়োজন।