প্রান্তিক মানুষের কথা উন্নয়ন কাঠামোয় অন্তর্ভুক্তির তাগিদ
দরিদ্র মানুষের অনুপাত কমলেও সংখ্যার দিক দিয়ে কমেনি। তাই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মেয়াদ শেষে ২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামোতে প্রান্তিক মানুষের কথা থাকতে হবে। অন্যথায় স্থায়ী উন্নয়ন সম্ভব হবে না।
২০১৫ পরবর্তী উন্নয়নকাঠামো নিয়ে জাতীয় পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে গতকাল মঙ্গলবার এই পরামর্শ সভাটির আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি), জিক্যাপ ও বিয়নড ২০১৫।
সভায় সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বক্তব্য দেন জিক্যাপের সমন্বয়কারী আবদুল আওয়াল, পরিচালক নিলুফার বানু, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন বিইউপির রিসার্চ ফেলো গোলাম মাহবুব সারোয়ার।
খলীকুজ্জমান আহমদ বলেন, এমডিজিতে বিক্ষিতভাবে কিছু বিষয় নিয়ে আসা হয়েছিল। লক্ষ্যমাত্রাগুলো পরিমাপযোগ্য বলে মানুষ সেগুলো গ্রহণ করেছিল। এর কয়েকটি বাংলাদেশ অর্জন করেছে। কয়েকটি আবার পারেনি। ২০১৫ সালে এমডিজির সময়সীমা শেষ হবে।
পিকেএসএফের চেয়ারম্যান আরও বলেন, ‘জাতিসংঘ এমডিজি-পরবর্তী উন্নয়নকাঠামো প্রণয়নে রাষ্ট্র ও নাগরিক সমাজের কাছে প্রস্তাব চেয়েছে। আমরা নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করছি। তাদের সুপারিশগুলো সরকারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বরে জাতিসংঘের সভায় উত্থাপন করা হবে।’
সভায় বক্তারা মানবাধিকার, দারিদ্র্য বিমোচন, আর্থিক অসমতা, জনসংখ্যা হ্রাস, খাদ্যনিরাপত্তা ইত্যাদি বিষয় এমডিজির পরবর্তী উন্নয়নকাঠামোতে রাখার পরামর্শ দেন।