প্রার্থিতা বৈধ নয় তবু তাঁদের নিয়েই প্যানেল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন, এফবিসিসিআই নির্বাচন বোর্ড ১০ জনের প্রার্থিতা বৈধ নয় বলে ঘোষণা দিয়েছে। এঁদেরই তিন প্রার্থীকে নিয়ে একটি প্যানেলের ঘোষণা এল। এ প্যানেলের নাম হচ্ছে ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’।
এ প্যানেলে অবৈধ প্রার্থীরা হলেন ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশনের জামিউল আহম্মেদ, এগ প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের তাহের আহম্মেদ সিদ্দিক এবং বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের মাহমুদা মুস্তাকিমা। কর পরিশোধ না করা সংক্রান্ত কারণে প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হলেও এখনো তাদের আপিলের সুযোগ রয়েছে।
ঢাকার একটি হোটেলে গতকাল এ প্যানেল ঘোষণা করা হয়। এটা শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের প্যানেল। প্যানেলের নেতৃত্বে আছেন তিনজন— ইনডেনটিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কংক্রিট প্রোডাক্টস অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কাজী এরতেজা হাসান এবং অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের শাফকাত হায়দার।
১৬ সদস্যের এ প্যানেলে আরও আছেন খন্দকার রুহুল আমিন, মিজানুর রহমান, আলী জামান, জাকির আহাম্মদ, আবুল আয়েস খান, মোয়াজ্জেম হোসেন, আসলাম আলী, নাসির মজুমদার, মো. ইব্রাহীম এবং অ্যাসিড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মোহাম্মদ উল্লাহ।
এর আগে আরও দুটি প্যানেল ঘোষণা করেন যথাক্রমে আবদুল মাতলুব আহমাদ ও মনোয়ারা হাকিম আলী।
প্রসঙ্গত, আগামী ২৩ মে এফবিসিআইয়ের নির্বাচন।