প্রায় তিন মাসের ব্যবধানে ডিএসইর লেনদেন সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতন দিয়েই নতুন আরেকটি সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। গতকাল রোববার ডিএসইতে প্রায় তিন মাসের ব্যবধানে সর্বনিম্ন লেনদেন হয়। দিনশেষে ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় ৩০৪ কোটি টাকা। এর আগে চলতি বছরের ২৬ মে সর্বশেষ ডিএসইতে ২৯৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। শেয়ারের দর বৃদ্ধি দিয়ে গত সপ্তাহটি শেষ হয়েছিল দুই বাজারে। তারই ধারাবাহিকতায় গতকাল লেনদেনের শুরুতে ডিএসইর মূল্যসূচক বাড়ে। প্রথম পাঁচ মিনিটেই ডিএসই সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বাড়ে। এর পরই শুরু হয় দরপতন, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।এদিকে, দরপতনের প্রতিবাদে ঢাকার মতিঝিলের ডিএসই ভবনের সামনে একদল বিনিয়োগকারী পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মিছিল ও সমাবেশের এই পূর্বঘোষিত কর্মসূচি পালিত হয়। বাজারসংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহের প্রথম দিনের দরপতনের মূল কারণ ছিল বাজার কারসাজির দায়ে অভিযুক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মামলা। জানা যায়, পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গতকাল এসইসির পক্ষ থেকে সংস্থাটির একজন পরিচালক বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ আনা হয়।মামলা দায়েরের এই খবরে নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। বাজারে কারসাজি করায় মামলা হবে—এমন খবরে চলতি মাসের শুরু থেকেই বাজারে দরপতন শুরু হয়। বাজার বিশ্লেষকেরা অবশ্য বলেছেন, কারসাজির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হলেও তাতে সাধারণ বিনিয়োগকারীদের ভীত হওয়ার কিছু নেই। গতকাল দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৭ পয়েন্ট। লেনদেন হওয়া ২৫১ কোম্পানির মধ্যে ২০৯টিরই দাম কমেছে। বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। বৃহস্পতিবার ডিএসইতে ৩৩৭ কোটি টাকার লেনদেন হলেও গতকাল তা ৩৪ কোটি টাকা কমে গেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৮৯। সিএসইতে গতকাল ১৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। তার মধ্যে ১৫০টিরই দাম কমেছে। বেড়েছে ১৫টির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দিনশেষে সিএসইতে ৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম।