প্রায় সব পোশাকশ্রমিকই বেতন-বোনাস পেয়েছেন
ঈদের আগে হাতে গোনা কয়েকটি পোশাকশিল্প-কারখানা বাদে প্রায় সব কারখানার শ্রমিক মজুরি পেয়েছেন বলে দাবি করেছে তৈরি পোশাক শিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান লিখিত বক্তব্য দেন।
এস এম মান্নান বলেন, তাঁদের জানামতে এবারের ঈদে প্রায় শতভাগ কারখানায় শ্রমিকের মজুরি ও ভাতা দিয়ে ছুটি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘১৫ থেকে ২০টি কারখানায় আমরা কিছু সমস্যা মোকাবিলা করেছি। কয়েকটি কারখানা আর্থিক সংকটের কারণে বেতন-ভাতা প্রদানে বিলম্ব হওয়ায় এ সমস্যা মোকাবিলা করতে হয়েছে।’
এস এম মান্নান বলেন, লিবার্টি ফ্যাশন ওয়্যার নামের একই মালিকের আশুলিয়ার জিরানি বাজার এবং মিরপুর এলাকায় স্থাপিত দুটি কারখানায় অর্ডার-স্বল্পতার কারণে বেতন-ভাতা প্রদানে বিলম্ব হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিএমইএ এবং সবার সহযোগিতায় বেতন প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া বাড্ডার তুবা টেক্সটাইলে বোনাস ইস্যুতে শ্রমিকেরা অসন্তোষ প্রদর্শন করায় একপর্যায়ে মালিক মেশিন বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা প্রদান নিশ্চিত করেছেন।
বিজিএমইএ পাওনা পরিশোধের দাবি করলেও বিভিন্ন শ্রমিক সংগঠন ইতিমধ্যেই দাবি করেছে, লিবার্টি ফ্যাশনের পাশাপাশি সাভারের মাই স্টিচ, জুরাইনে ফাতেহা অ্যাপারেলসসহ বিভিন্ন কারখানায় এখনো বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি শহিদুল্লাহ আজিম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।